BREAKING! উচ্ছেদের নামে ‘প্রহসন’ এর অভিযোগ, রেহাই পেল না ক্যানসার রোগীও
আমার কথা৷ সনাতন গরাই, দুর্গাপুর, ১৬ জানুয়ারী:
উচ্ছেদের নামে অমানবিকতার অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের অর্জুনপুর এলাকা। দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এর ডিটিপিএস এলাকায় নতুন ইউনিট ও হাসপাতাল নির্মাণের কাজ শুরু হওয়ায় নিজেদের জমি উচ্ছেদমুক্ত করতে অভিযান চালায় ডিভিসি। শুক্রবার ভোরে আচমকাই ডিভিসির জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী চাইনা বাউরির টালির বাড়িতে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযোগ, ভোরবেলায় জোর করে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়। এরপর ভেঙে দেওয়া হয় তার টালির ঘর।এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, চাইনা বাউরি ক্যান্সারে আক্রান্ত। এমন পরিস্থিতিতেও কোনও রকম মানবিকতা না দেখিয়ে তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনাকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে ডিভিসির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতৃত্ব। প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী বলেন, “যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সঠিক বিহিত হচ্ছে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।” যদিও অভিযোগ অস্বীকার করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসির সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত মোদি জানান, “দীর্ঘদিন ধরে ওই পরিবার আমাদের জমি বেআইনিভাবে দখল করে রেখেছিল। একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা জমি ছাড়েনি। সেই কারণেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযান চলাকালীন আমাদের কর্মীদের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা করা হয় এবং ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে আমরা পুলিশের দ্বারস্থ হব।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। উচ্ছেদ ও মানবিকতার প্রশ্নে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে।



