EXCLUSIVE: নদীর গতিপথ আটকে রাস্তা তৈরীর অভিযোগ
আমার কথা, অন্ডাল, ১৮ ফেব্রুয়ারীঃ
নদী থেকে তোলা হচ্ছে বালি, সেই বালি পরিবহনের জন্য প্রয়োজন রাস্তার। তাই নদীর মাঝেই বোল্ডার, মাটি ফেলে তৈরি করা হচ্ছে রাস্তা। কয়েকজন ব্যক্তি মুনাফার স্বার্থে বিনা অনুমতিতে নদীর গতিপথ আটকে বেআইনিভাবে রাস্তা তৈরি করেছে বলে অভিযোগ স্থানীয়দের।
সাম্প্রতিককালে রাজ্যের বিভিন্ন জায়গায় নদী ঘাট থেকে অবৈধভাবে বালি তুলে তা অবাধে চলছে পাচার। স্থানীয় স্তরে সিন্ডিকেটের মাধ্যমে এই কাজ চলছে। কিছুদিন আগে বিষয়টি নিয়ে প্রশাসনিক বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। দিন কয়েক আগে বালিঘাটের দখল নিয়ে বীরভূমে বোমাবাজির ঘটনা ঘটে। এবার নদীর মাঝে মাটি, বোল্ডার ফেলে বেআইনি রাস্তা নির্মাণের অভিযোগ উঠল বালি কারবারীদের বিরুদ্ধে। অন্ডাল ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের কুটিরডাঙ্গায় নদীর বুক চিরে এভাবেই রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনা সূত্রে জানা যায় এক ব্যবসায়ী টেন্ডারের মাধ্যমে এই ঘাট থেকে বালি তোলার অনুমতি পান। কিন্তু নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে কিছুদিন আগেই সেখানে বালি তোলা শুরু হয়েছে। সেই বালি ট্রাক ও ট্রাক্টরে করে নদীর উল্টো পাড়ে বাঁকুড়ার দিকে পরিবহন করা হচ্ছে। এতে পরিবহন খরচা বেশি হচ্ছে। তাই শ্রীরামপুরের দিক দিয়ে গোপালমাঠ হয়ে জাতীয় সড়ক ধরে বালি ভর্তি গাড়িগুলি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে টেন্ডার পাওয়া সংস্থার লোকজনেরা নদীর মাঝে রাস্তা নির্মাণ করছে বলে অভিযোগ স্থানীয়দের। মঙ্গলবার নদী ঘাটে গিয়ে দেখা যায় বড় বড় বোল্ডার মাটি ফেলে নদীর বুক চিরে চলছে রাস্তা তৈরীর কাজ।
বিজেপির জেলা কমিটির নেতা ছোটন চক্রবর্তী বলেন বালি চুরির ফলে নদী ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর গতিপথ রোধ করা হলে বন্যার সম্ভাবনা তৈরি হয়। মাফিয়া, শাসক দল ও প্রশাসনের একাংশের মদত ছাড়া এই কাজ সম্ভব নয় বলে অভিযোগ করেন তিনি। গোপাল মাঠের বাসিন্দা ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় বলেন গ্রামের ভিতর দিয়ে বালির গাড়ি আসা-যাওয়া করলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হবে। তাই এই রাস্তা দিয়ে বালির গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা হলে প্রতিরোধ করা হবে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএলআরও দপ্তরের এক আধিকারিক বলেন নদীর গতিপথ রোধ করে কোন কিছু নির্মাণ করাটা বেআইনি কাজ। এই বিষয়ে কোন অভিযোগ তাদের কাছে নেই, তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দেন তিনি।



