লরির পিছনে অ্যাম্বুলেন্সের সজোরে ধাক্কা, মৃত দুর্গাপুরের চালক সহ মোট ৩
আমার কথা, দুর্গাপুর, ২১ জুন:
জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়লো একটি অ্যাম্বুলেন্স। ঘটনায় মৃত ৩,আহত ৩।
এলাকা সূত্রে জানা গিয়েছে,কলকাতার দমদম থেকে অ্যাম্বুলেন্সে করে দুর্গাপুরে ফেরার পথে ১৯নম্বর জাতীয় সড়কে আঝাপুরের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। অ্যাম্বুলেন্সে থাকা মোট তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতদের মধ্যে অ্যাম্বুলেন্স চালক বিশ্বজিৎ চৌধুরী দুর্গাপুরের এবিএলের বাসিন্দা, অ্যাম্বুলেন্সের চালকের সহকারী বিধান রুইদাস বীরভূমের বাসিন্দা ও গৌতম দাস দমদমের বাসিন্দা ছিলেন। গুরুতর আহত হয় আরো ৩জন । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে জামালপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেবার পাশাপাশি আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে দুই জনের প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পাশাপশি ৩জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জামালপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে কলকাতায় রোগীকে হাসপাতালে ছেড়ে দমদম থেকে অ্যাম্বুলেন্সের মালিকের পরিবারের সদস্যদের নিয়ে ফিরছিল অ্যাম্বুলেন্সটি।
দুর্গাপুরে ফেরার পথে অ্যাম্বুলেন্সটির গতিবেগ অত্যধিক ছিল বলে প্রতক্ষ্যদর্শীরা জানান। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ সজোরে আঝাপুরের কাছে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা লরির পিছনে গিয়ে ধাক্কা মারে। চালকের সম্ভবত চোখ লেগে গিয়েছিল বলে পুলিশের অনুমান। পুলিশ জানিয়েছে চালক, সহকারী চালক সহ এক জনের মৃত্যু হয়েছে।



