‘আমার কথা’-র খবরের জের, গরু মৃত্যুর তদন্তে গ্রামে পৌছোল প্রাণী দপ্তরের আধিকারিকরা
আমার কথা, সনাতন গড়াই, কাঁকসা, ১৭ সেপ্টেম্বরঃ
‘আমার কথা’-র খবরের জের সমবায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ মন্ত্রী প্রদীপ মজুমদারের হস্তক্ষেপে কাঁকসার সরস্বতীগঞ্জ এলাকায় পৌঁছালো প্রাণী সম্পদ দপ্তরের একটি পর্যবেক্ষক দল। কি কারনে গরুর পেট ফেঁপে যাচ্ছে সেই কারণ খতিয়ে দেখছেন প্রাণী দপ্তরের আধিকারিকরা।
প্রসঙ্গতঃ গত দু’তিন দিনে হঠাৎ করেই সরস্বতীগঞ্জ গ্রামে ১২ থেকে ১৪টি গবাদি পশু অজানা কারণে মারা গেছে। মালিকদের অভিযোগ, দিনে চরানোর পর একেবারেই সুস্থ অবস্থায় বাড়ি ফিরছিল গরুগুলি। কিন্তু রাত পেরোতেই বদলে যাচ্ছে সবকিছু। ভোরবেলায় গোয়ালঘর খুলতেই চোখে পড়ছে নিথর দেহ। স্থানীয় চাষিদের দাবি, প্রথমে গরুর পেট অস্বাভাবিকভাবে ফেঁপে যাচ্ছে, তারপরেই নিঃশ্বাস ফেলার আগেই মৃত্যু। অথচ ব্লকের প্রাণী দপ্তরের তরফে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপের দেখা মেলেনি। কান্নায় ভেঙে পড়েছেন চাষিরা। গবাদি পশুর এক মালিক উমা রায় কান্নার সুরে বলেন, “আমাদের সংসার তো গরুর দুধ বিক্রির ওপর চলে। এইভাবে একের পর এক গরু মারা গেলে ঘরে খাবার আসবে কিভাবে? ডাক্তারও আসছে না, ব্লক থেকেও কেউ খোঁজ নিচ্ছে না। আমরা ভীষণ ভয়ে আছি।” এরপরেই আমার কথায় খবরের মাধ্যমে তা পৌছোয় মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে। তারপরেই তিনি পদক্ষেপ নেন বিষয়টি নিয়ে।



