বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু আশা কর্মীর
আমার কথা, অন্ডাল, ২৬ এপ্রিল:
বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক আশা কর্মীর। মৃতের নাম কাজলী সাধু। শনিবার অন্ডালের বক্তারনগর এলাকার ঘটনা। ঘটনার পর দীর্ঘক্ষন মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাই স্থানীয়রা।
বালি বোঝায় লরির ধাক্কায় মৃত্যু হল কাজলী সাধু (৪২) নামে এক মহিলার। রবিবার বেলা ১১:৪৫ টা নাগাদ ঘটনাটি ঘটে অন্ডালের বক্তারনগর গেট সংলগ্ন এলাকায়। ঘটনা সূত্রে জানা যায় মৃত কাজলী সাধু মদনপুর পঞ্চায়েতের পলাশবন এলাকার বাসিন্দা । আশা কর্মীর কাজ করতেন মদনপুরে। এদিন সকালে তিনি কাজে যান। কাজ শেষে স্বামী ও ছেলের সাথে স্কুটি করে বাড়ি ফিরছিলেন। স্কুটি চালাচ্ছিলেন কাজলী দেবীর স্বামী মানিক সাধু। সে সময় বক্তারনগর গেটের কাছে একটি বালি বোঝাই লরি যাচ্ছিল। লরির পাশে স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাই। মানিকবাবু ও তার ছেলে স্কুটি থেকে ছিটকে পরে একটু দূরে। কাজলী দেবী পড়ে যান লরিটির চাকার সামনে। লরির চাকা তার শরীরের উপর দিয়ে চলে যায় ।ঘটনায় গুরুতর জখম হন কাজলি দেবী । পরে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ জীবিত ছিলেন কাজলী দেবী। কিন্তু হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স বা কোন গাড়ি না পাওয়াই দীর্ঘক্ষণ কাজলী দেবী পড়ে থাকেন ঘটনা স্থলে। তারপর সেখানেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। ক্ষুদ্ধ জনতা মৃতদেহ ঘটনাস্থলে নামিয়ে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তারপর ময়না তদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।



