জামুড়িয়ায় আয়ুষ মেলা, দুদিন ব্যাপী থাকছে নানান অনুষ্ঠান ও বিনামূল্যে ঔষুধ প্রদান
আমার কথা, ২১ জানুয়ারী
রাকেশ লাহা, জামুরিয়া:
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ বিভাগের পরিচালনায় পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার চিঁচুড়িয়া দলদলি ময়দানে শুরু হল আয়ুষ মেলা ২০২৬।
এবছর এই মেলা চতুর্থতম বর্ষে পদার্পণ করল।
কেন্দা উচ্চ বিদ্যালয়ের এনসিসি বিভাগ এবং চিচুড়িয়া উপেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ও জেলার বিভিন্ন ব্লক থেকে আগত বিশিষ্ট চিকিৎসক ও চিকিৎসা কর্মী এবং গুণীজনদের উপস্থিতিতে অনুষ্ঠান সূচনা পূর্বে প্রভাত ফেরির গ্রাম পরিদর্শন করা হয়। পরবর্তীতে আয়ুষ মেলার মঞ্চে উপস্থিত জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, বিধায়ক হরেরাম সিং ও চিকিৎসকদের একাংশ যৌথভাবে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে এই মেলার শুভ সূচনা করেন। মেলা দুদিন যাতে কোনরকম কোন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য বেলা চত্বরে সর্বদা সজাগ রয়েছে জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ ও উপস্থিত রয়েছে রানীগঞ্জ দমকল বিভাগের আধিকারিকরা।
পশ্চিম বর্ধমান জেলায় চতুর্থ তম বর্ষের এই আয়ুষমেলায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়ুষের প্রধান ডক্টর শান্তনু ঘোষ জানান, এ বছর পশ্চিম বর্ধমান জেলায় এই আয়ুষ মেলা দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি অনুষ্ঠিত হয়েছে দুর্গাপুর মহাকুমায় এবং অন্যটি অনুষ্ঠিত হচ্ছে আসানসোল মহকুমার জামুড়িয়ার চিচুড়িয়া এলাকায়। এই মেলায় জেলার আটটি ব্লক অংশগ্রহণ করবে। দুইদিন ব্যাপী চলবে এই মেলা। এই মেলার মূল উদ্দেশ্য হলো আয়ুষের প্রচার ও প্রসার এবং মানুষের কাছে বিনামূল্যে আয়ুর্বেদ, যোগ ও ন্যাচারোপ্যাথি, ইউনানী, সিদ্ধা, সোয়ারিগোপা, হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া।
তিনি জানান বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জেলার মানুষের কাছে আয়ুষের প্রচার চালানো হবে। যেখানে আবৃত্তি পাঠ, নাট্য অভিনয়, বাউল সংগীত ইত্যাদির মত বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম গুলি থাকবে এই মেলায়।
তবে এদিন দেখা গেল মেলার সূচনা লগ্নেই এলাকার বহু মানুষ ছুটে এলেন বিনামূল্যে ঔষুধ এবং চিকিৎসকদের কাছে চিকিৎসা পরামর্শ নেওয়ার জন্য। আগামীকালও দিনভর চলবে এই মেলা।



