পহেলগাঁওয়ে পর্যটক হত্যার প্রতিবাদে বিধাননগর রেসিডেন্স অ্যাসোসিয়েশন
আমার কথা, দুর্গাপুর, ২৮ এপ্রিলঃ
কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের নির্বিচারে হত্যার আঁচ লেগেছে সারা ভারত জুড়ে। প্রতিবাদের ঝড় উঠেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত্য। সেই পরিবাদের ঢেউ আছড়ে পড়েছে শিল্পাঞ্চল দুর্গাপুরেও। ২৭ নং ওয়ার্ডের অন্তর্গত বিধাননগরে এদিন একটি মৌণ মিছিল বের হয় বিধাননগর রেসিডেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। রবিবার সন্ধ্যেবেলা এই মিছিলটিতে পা মেলান শতাধিক মানুষ। হিন্দু মুসলিম নির্বিশেষে আট থেকে আশি সকল স্থানীয়রা সামিল হন এই প্রতিবাদে। মিছিলটি এইচ এফ সি কলোনী ও বিধাননগর প্রদক্ষিণ করে। মিছিলে সকলের মুখ ছিল বন্ধ, হাতে ছিল জ্বলন্ত মোমবাতি।
বিধাননগর রেসিডেন্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুমন বন্দোপাধ্যায় বলেন, “ধর্মের নামে রাজনীতি নয়, হিন্দু মুসলিমে ভেদাভেদ নয়। এই সুযোগটাই নিচ্ছে সন্ত্রাসবাদীরা। আমরা দেখেছি কাশ্মীরে এই পর্যটকদের বাঁচাতে জঙ্গিদের বন্দুকের সামনে দাঁড়িয়ে প্রাণ দিয়েছেন একজন মুসলিম যুবক। জখম পর্যটকদের হাসপাতাল পৌঁছে দিয়েছেন অনেক স্থানীয় মুসলমানেরা। তাই এই ধর্মের নামে হানাহানি বন্ধ করে বরং আমাদের এক সাথে বহিরাগত অশুভ শক্তির বিরুদ্ধে জোট বেধে লড়াই করা উচিত”।



