সরকারি প্রকল্পের আর্থিক হিসাব চেয়ে বিজেপির ডেপুটেশন
আমার কথা, ২৫ মে
সার্থক কুমার দে, উখড়া:
সোমবার অন্ডাল ব্লকের উখরা গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল বিজেপি। পাড়ায় সমাধান প্রকল্পের কাজের আর্থিক হিসাব ও এই প্রকল্পে কোন পাড়ায় কি কাজ হয়েছে তা জানতে চেয়ে বিজেপির মণ্ডল ৩ এর পক্ষ থেকে এদিন ডেপুটেশন দেওয়া হয় পঞ্চায়েত প্রধানের হাতে। ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল (৩) সভাপতি ইন্দ্রসেন রায়, ভোলা ধীবর সহ বিজেপির স্থানীয় নেতা কর্মীরা। ভোলা ধীবর বলেন আগের সরকারের আমলের শেষ দিকে আমার পাড়া আমার সমাধান প্রকল্পে প্রতিটি সংসদের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছিল। সেই টাকায় কোন পাড়াতে কি কাজ হয়েছে তা আমরা জানতে চেয়েছি প্রধানের কাছে। মন্ডল ৩ এর সভাপতি ইন্দ্রসেন রায় বলেন কাজের খতিয়ান ছাড়াও বিভিন্ন পাড়াতে বেশ কিছু নতুন কাজের প্রস্তাব দেওয়া হয়েছে ডেপুটেশনে। প্রকল্প রূপায়ণ কোন আর্থিক দুর্নীতি হয়ে থাকলে তদন্তের জন্য এফআইআর করা হবে বলে জানান তিনি। তৃণমূল পরিচালিত উখরা পঞ্চায়েতের প্রধান মিনা কোলে বলেন ডেপুটেশন পেয়েছি। যে সব বিষয়ে জানতে চাওয়া হয়েছে খুব শীঘ্রই সেই তথ্য তুলে ধরা হবে বলে জানান তিনি।



