শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা
আমার কথা, ১৮ এপ্রিল
সার্থক কুমার দে, পান্ডবেশ্বর:
শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা । পাণ্ডবেশ্বর বিধানসভার কেন্দ্রা এলাকার ঘটনা । অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির পক্ষ থেকে । প্রতিহিংসার রাজনীতি করছে তৃণমূল বলে অভিযোগ বিজেপির ।
নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক পারদ । আশেপাশের কেন্দ্রগুলির মধ্যে পাণ্ডবেশ্বর কেন্দ্রে এই পারদ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে । ভোট প্রচারকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের কেন্দ্রা ডিভিসি বাঙাল পাড়া এলাকা । দুই দলের কর্মী সমর্থকরা বচসার পাশাপাশি হাতাহাতি ও সংঘর্ষে জড়ায় । দু পক্ষই পাণ্ডবেশ্বর থানায় একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে । রাতের বেলায় শ্লীলতাহানির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে বিজেপি নেতা তথা বিজেপির ওবিসি মোর্চার কনভেনার প্রহ্লাদ সাউকে । প্রহ্লাদ বাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন ডিভিসি বাঙালপাড়ার বাসিন্দা শ্রাবণী চক্রবর্তী নামে এক মহিলা । শ্রাবণী দেবীর অভিযোগ শুক্রবার বিকেলে প্রহ্লাদ সাউ এর নেতৃত্বে কয়েকজন বিজেপি কর্মী তার বাড়িতে এসে বিজেপিকে ভোট দেওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন । তৃণমূলকে ভোট দিব বিজেপিতে নয় স্পষ্ট ভাষায় একথা বলাতে আমাকে, আমার নাবালিকা মেয়ে ও স্বামীকে প্রহ্লাদ ও তার সঙ্গীরা মারধর করে । আমার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করেন শ্রাবণী দেবী । বিজেপি দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে । তৃণমূলের মিথ্যা অভিযোগে পুলিশ প্রহ্লাদ সাউকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ বিজেপির । আজ শনিবার ধৃত প্রহ্লাদ সাউকে দুর্গাপুর মহকুমা কোর্টে তোলে পুলিশ ।




