রেস্তোরাঁ ভাঙা ঘিরে জোর বিতর্ক, প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক
আমার কথা, ৯ জুন
সনাতন গড়াই, দুর্গাপুর:
আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) প্রাক্তন চেয়ারম্যান তথা উদ্যোগপতি কবি দত্তের মালিকানাধীন বেসরকারি রেস্তোরাঁ ভাঙাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিজেপির দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুই ভাইপো ছিল। একজন কলকাতায় থাকতেন, অন্যজন সিটি রেসিডেন্সিতে। তাহলে এতদিন পরে কেন এই ভাঙার সিদ্ধান্ত?” তাঁর দাবি, যেখানে যেখানে দুর্নীতি হয়েছে, সেসব বিষয়ের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় আরও বলেন, নগর নিগমের নিয়ম অনুযায়ী কোনও অবৈধ বা নিয়মবহির্ভূত নির্মাণ মালিক নিজে ভেঙে ফেললে তা তুলনামূলকভাবে সহজ প্রক্রিয়া। কিন্তু প্রশাসন বা পুরসভা ভাঙতে গেলে সংশ্লিষ্ট খরচও বহন করতে হয়। সেই কারণেই কি স্বেচ্ছায় ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে, রেস্তোরাঁ কর্তৃপক্ষ সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে। রেস্তোরাঁর সামনে টাঙানো একটি বোর্ডে জানানো হয়েছে, ভবনের সংস্কার ও আধুনিকীকরণের কাজের জন্যই ভাঙা হচ্ছে অংশবিশেষ। খুব শীঘ্রই নতুন রূপে রেস্তোরাঁটি ফের চালু করা হবে বলেও দাবি করা হয়েছে। যদিও এ বিষয়ে কবি দত্তকে জিজ্ঞেস করা হলে তিনি কিছু বলতে চাননি। রেস্তোরাঁ ভাঙার প্রকৃত কারণ কী, তা নিয়ে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, তখন প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য সামনে আসেনি। ফলে জল্পনা ও বিতর্ক ক্রমেই বাড়ছে।



