নতুন শ্রম কোডের প্রতিবাদে দুর্গাপুরে কালা দিবস পালন
আমার কথা, ১ এপ্রিল
মুনমুন দত্ত, দুর্গাপুর:
অনেক আগেই দেশের নতুন শ্রম আইন চালু করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। অবশেষে ১ এপ্রিল থেকে সেই শ্রম আইন কার্যকরা হতে চলেছে। যা নিয়ে সারা দেশের সঙ্গে দুর্গাপুরেও প্রতিবাদ করা হচ্ছে। পালন করা হচ্ছে কালা দিবস। শিল্প শহর দুর্গাপুরেও এদিন কেন্দ্রের নতুন শ্রম আইন বাতিলের দাবিতে কালো ব্যাজ পড়ে বিক্ষোভ দেখান দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টীল ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা। এদিন তারা কালো ব্যাজ পরে কারখানায় কালা দিবস পালন করেন এবং মিছিল করে এসে ইডি (ওয়ার্কস) বিল্ডিং এর সামনে জমায়েত হন। সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত বলেন, পয়লা এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকার একতরফা ভাবে শ্রমিক বিরোধী শ্রম আইন লাগু করতে চাইছে। যে শ্রম আইন ভারতবর্ষের প্রতিটি শ্রমিক শ্রেণীর অধিকারের ওপর আঘাত হানবে। ‘আইএনটিইউসি’ সহ দেশের সমস্ত ট্রেড ইউনিয়ন এই কালা শ্রম আইনের বিরুদ্ধে গর্জে উঠেছে এবং সারা ভারতবর্ষে এর বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হয়েছে। তিনি আরও জানান, এই কালা শ্রম আইনের বিরুদ্ধে আজ ডিএসপির সমস্ত বিভাগে কালো ব্যাজ পড়ে প্রতিবাদ জানানো হয়েছে। এই প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি রাণা সরকার,শুভঙ্কর বোস,সঞ্জীব ঘোষ,কৌশিক ব্যানার্জী,সমীর রায়,উৎপল দে,দেবাশীষ চৌধুরী,দীপঙ্কর দুবে,সজল মুখার্জী প্রমূখ।




