BREAKING! দুর্গাপুরে বিজেপি নেত্রীর বাড়িতে বোমাবাজি, চরম উত্তেজনা
আমার কথা, ২৭ ফেব্রুয়ারি
সনাতন গরাই, দুর্গাপুর:
রাত পেরোলেই প্রকাশিত হবে সংশোধিত ভোটার তালিকা, আর এই নিয়ে শিল্প শহরে বেশ একটা চাপা উত্তেজনা রয়েছে। এই পরিস্থিতির মধ্যে এক বিজেপি নেত্রীর বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শহর জুড়ে।
ঘটনাটি ঘটেছে, দুর্গাপুরের ইস্পাত নগরীর রানা প্রতাপ রোড এলাকায়। ওই এলাকায় থাকেন দুর্গাপুর পূর্ব এক নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক শাশ্বতী গিরি। শুক্রবার রাত নটার কিছু সময় পর তাদের বাড়ির সামনে কেউ বোম ছুঁড়ে দিয়ে পালায়। বোমের আওয়াজে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের লোকজন। ঘটনার খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে। পরিবারের প্রবীণ সদস্যা রিনা নন্দী বলেন,”আমার মেয়ে বিজেপি দল করে। বাড়িতে মাঝেমধ্যে বিজেপি কর্মীদের আসা-যাওয়াও আছে। তবে কি কারণে বোম ছোঁড়া দেওয়া হলো বুঝে উঠতে পারছিনা। কে বা কারা করল সেটাও দেখতে পাইনি। তবে বোমার আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েছিলাম।”
বিজেপি নেত্রী শাশ্বতী গিরি বলেন,”আমি তো সবসময় বাড়িতে থাকি না। বাচ্চারা সহ বাড়ির অন্যান্য সদস্যদের নিরাপত্তার দরকার আছে। আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আমি শাস্তি চাইছি।”
ওই বিজেপি নেত্রীর সাথে কথা বলতে পৌঁছান বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন,”কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। বাংলায় আইন আছে। কিন্তু কোন কোন জায়গায় দেখা যাচ্ছে পদ্ম শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে। আর প্রচারের আলোয় আসার জন্য এইসব কাজ করছে।”



