দুর্গাপুর ব্যারেজে শুরু হবে সেতু মেরামতি, চলাচলের জন্য তৈরি বিকল্প রাস্তা
আমার কথা, দুর্গাপুর, ২৫ এপ্রিলঃ
দামোদর নদের ওপর তৈরী দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কারের জন্য এই নদের ওপর দিয়ে তৈরী করা হল বিকল্প রাস্তা, আর সেই রাস্তা দিয়ে বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু হল। প্রশাসনের পক্ষ থেকে এদিন রাস্তাটি পর্যবেক্ষণ করা হয়।
দামোদর নদের ওপর ১৯৫৫ সালে দুর্গাপুরে তৈরী করা হয় ২,২৭০ ফুট লম্বা ও ৩৯ ফুট উঁচু ব্যারেজটি। ৩৪ টি লক গেট রয়েছে এই ব্যারেজে। এটি পশ্চিম বর্ধমান জেলার সাথে বাঁকুড়া জেলাকে যুক্ত করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যারেজের ওপর দিয়ে নিত্যদিন ভারী গাড়ি থেকে শুরু করে ছোট গাড়ি, বাইক, সাইকেল তেমনই পায়ে হেঁটেও লোক যাতায়াত করে। এই ব্যারেজটি পরিচালনা করে দামোদর ভ্যালি কর্পোরেশন।
বর্তমানে দুর্গাপুর ব্যারেজের ওপরের সেতুটির অবস্থা খুবই জরাজীর্ণ অবস্থা। সেটির আমূল সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে সেচ দপ্তরের পক্ষ থেকে। আর সেই কারনের জন্য দামোদরের ওপর দিয়ে তৈরী করা হয়েছে বিকল্প রাস্তাটি।
সেচ দপ্তর সুত্রে জানা গেছে, আগামী সপ্তাহ থেকে সেতু সংস্কারের কাজ শুরু হবে। কাজ শেষ হতে প্রায় মাস দুয়েক সময় লাগতে পারে। সেতু সংস্কারের সময় একটি লেন খোলা থাকবে। সেই লেন দিয়ে বাস, দমকল ও অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারবে। পণ্যবাহী ট্রাক মেজিয়া দিয়ে রানীগঞ্জের দিক দিয়ে বের করে দেওয়া হবে। বিকল্প রাস্তটি দিয়ে শুধুমাত্র ছোট যানবাহন চলাচল করবে।
তবে যান চলাচল শুরু করানোর আগে বৃহস্পতিবার বড়জোড়ার বিডিও, বিধায়ক, সেচ দপ্তরের কর্তারা ও পুলিশ বিকল্প রাস্তাটি পর্যবেক্ষণ করেন।



