সরকারী স্কুলে কবির আবক্ষ মূর্তি উন্মোচন
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ২০ সেপ্টেম্বর:
দুর্গাপুরের ধান্ডাবাগ সুকান্তপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চত্বরে আজ এক গৌরবময় মুহূর্তের সাক্ষী রইল। বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন হল বাংলার অন্যতম প্রতিভাবান ও সংগ্রামী কবি সুকান্ত ভট্টাচার্যের আবক্ষ মূর্তি। অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্গাপুরের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়। এই উপলক্ষে বিদ্যালয়ে এক হৃদয়গ্রাহী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, প্রাক্তন কাউন্সিলর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা। সকলে মিলেই স্মরণ করলেন কবি সুকান্ত ভট্টাচার্যের জীবনদর্শন, আদর্শ ও তাঁর অসামান্য সাহিত্যকীর্তিকে। প্রিয় কবির মূর্তি বিদ্যালয় চত্বরে স্থাপিত হওয়ায় পড়ুয়াদের মধ্যে উৎসাহ ও আনন্দের ঝলক চোখে পড়ার মতো ছিল। তাঁরা একে নিজস্ব গর্বের বিষয় বলে মনে করছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবিষ্যতে এই মূর্তিকে ঘিরে নানা সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে ছাত্রছাত্রীরা কবি সুকান্তর আদর্শ ও সংগ্রামী চেতনাকে নিজেদের জীবনে আত্মস্থ করতে পারে। এই উদ্যোগ নিঃসন্দেহে আগামী প্রজন্মকে বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্রের প্রতি শ্রদ্ধা ও আগ্রহ জাগাতে সাহায্য করবে।



