মাঝ আকাশে মৃত্যু ক্যানসারে আক্রান্ত রোগীর
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১০ অক্টোবর:
দুর্গাপুর-মুম্বই ইন্ডিগো ফ্লাইটে বৃহস্পতিবার মাঝআকাশে এক ক্যান্সার আক্রান্ত যাত্রীর মৃত্যু হওয়ায় জরুরি অবতরণ করতে হয় রায়পুর বিমানবন্দরে। পশ্চিম বর্ধমানের বাসিন্দা ওই রোগী মুম্বই যাচ্ছিলেন চিকিৎসার জন্য। বৃহস্পতিবার রাতে দুর্গাপুর থেকে মুম্বইগামী ইন্ডিগো ফ্লাইটে ওঠেন তিনি। মাঝ আকাশেই হঠাৎ অচেতন হয়ে পড়েন ওই যুবক। এরপরই পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন এবং মধ্যরাতে রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
অচেতন অবস্থায় তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম গৌতম বাউরী, তিনি বর্ধমানের বাসিন্দা। রক্তের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন, সেই সময়ই ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েন এবং প্রাণ হারান।
রায়পুরে জরুরি অবতরণ পাইলট বিমান চলাচল নিয়ন্ত্রণ (এটিসি)-এর কাছে জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি মেলে এবং রাতেই তড়িঘড়ি রায়পুর বিমানবন্দরে অবতরণ করা হয়। বিমানবন্দরে প্রাথমিক পরীক্ষা শেষে তাঁকে মানা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।



