অন্ডাল বিমাননবন্দরে ব্যাগ থেকে মিললো কার্তুজ, গ্রেফতার ব্যবসায়ী
আমার কথা, অন্ডাল, ১৭ এপ্রিলঃ
কার্তুজ সহ এক বিমান যাত্রীকে গ্রেফতার করলো পুলিশ। অন্ডাল বিমানবন্দরের ঘটনা। ধৃত ব্যক্তির নাম মুক্তেশ্বর মিশ্র। জিনিসপত্র তল্লাশির সময় ওই ব্যক্তির লাগেজ থেকে একটি মিস ফায়ার কার্তুজ উদ্ধার হয়।
বুধবার দুপুরে অন্ডাল বিমানবন্দরে যাত্রীদের জিনিসপত্র তল্লাশির সময় মুক্তেশ্বর মিশ্র নামে এক যাত্রীর লাগেজ থেকে উদ্ধার হয় একটি কার্তুজ। এরপর এয়ারপোর্ট থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে তুলে দেয় অন্ডাল থানার পুলিশের হাতে। খবর সূত্রে জানা যায় ধৃত মুক্তেশ্বর মিশ্র ঝাড়খন্ড রাজ্যের ধানবাদের হিন্দুস্তান প্রেস রোড এলাকার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী। বুধবার দিল্লি যাওয়ার উদ্দেশ্যে বিমান ধরতে অন্ডাল বিমানবন্দর এসেছিলেন তিনি। ধৃত মুক্তেশ্বর মিশ্রের বিরুদ্ধে অস্ত্র আইনে অভিযোগ দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, কি উদ্দেশ্যে কার্তুজ নিয়ে বিমানবন্দরে এসেছিলেন, ধৃত যাত্রীকে জিজ্ঞাসাবাদ করাতে তিনি জানান, এই কার্তুজটি তিনি ৬-৭ বছর আগে পেয়েছিলেন। তখন থেকেই এটি তিনি নিজের কাছে রেখে দিয়েছেন।
উল্লেখ্য, এবারই প্রথম নয়, এর আগেও অন্ডাল বিমানবন্দরে অস্ত্র সহ ধরা পড়েছে যাত্রী। ২০২৪ সালের ৫ই সেপ্টেম্বর যাত্রীদের জিনিসপত্র তল্লাশির সময় একটি দেশি রিভলভার ও ছ’টি কার্তুসহ ধরা পড়েন বীরভূমের সিউড়ির বাসিন্দা দুই যাত্রী। তবে এবারে এই যাত্রীর কাছে কোনো আগ্নেয়াস্ত্র শুধুমাত্র কার্তুজ মিলেছে তাও মিস ফায়ার কার্তুজ। তাই বিষয়টি অবাক করেছে অনেককেই।



