চতুরঙ্গ সার্বজনীন দুর্গোৎসবের খুঁটিপুজো
আমার কথা, দুর্গাপুর, ২৮ জুনঃ
সংবাদদাতাঃ প্রণয় রায়
দুর্গাপুরের অন্যতম অভিজাত দুর্গাপুজো চতুরঙ্গ সার্বজনীন দুর্গোৎসব এ বছরে ৩৮ বছরে পড়লো। রথযাত্রার প্রথম দিনে চতুরঙ্গ ময়দানে দুর্গাপুজোর খুঁটি পুজোর আয়োজন করা হয়। দুর্গা পুজোর সূচনা হিসেবে মন্ডপ তৈরির জন্য খুঁটি পোঁতার আগে এই পূজা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত, এসবিএসটিসি এর চেয়ারম্যান সুভাষ মন্ডল, চেম্বার্স অফ কমার্সের প্রাক্তন সভাপতি ও দুর্গাপুর পৌরনিগমের প্রাক্তন পারিষদ রমাপ্রসাদ হালদার, বিশিষ্ট উদ্যোগপতি চন্দন দত্ত, চতুরঙ্গ দুর্গাপুজোর সভাপতি তথা উদ্যোগপতি রামকৃষ্ণ মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন নারকেল ভেঙে খুঁটি পূজার উদ্বোধন করেন এ অনুষ্ঠানে উপস্থিত প্রদীপ মজুমদার সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। এরপর আনুষ্ঠানিকভাবে খুঁটি পোঁতা হয়। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এই শিল্পাঞ্চলে চতুরঙ্গ সার্বজনীন দুর্গোৎসব একটি ঐতিহ্যপূর্ণ শারদোৎসব। তিনি বলেন শারদোৎসব সৌহার্দ্য ও সম্প্রীতির মহা মিলন উৎসব। চতুরঙ্গ পুজো এই অঞ্চলের অত্যন্ত সুশৃঙ্খল পুজো।
তিনি আর ও বলেন খুঁটি পূজো সহ বিভিন্ন শাস্ত্রীয় আচার,অনুষ্ঠানের মাধ্যমে দুর্গা পূজার অনুষ্ঠানিক সূচনা হয়।
এই পুজোর কো-চেয়ারপার্সন কবি দত্ত বলেন এবছরের দুর্গাপুজোর থিম হল পশ্চিমবঙ্গ।মন্ডপসজ্জার মাধ্যমে পশ্চিমবঙ্গকে তুলে ধরা হবে। কলকাতার দুর্গাপুজোর মন্ডপসজ্জার অত্যন্ত সুপরিচিত নাম রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন প্রতিবছরই চতুরঙ্গ দুর্গাপুজো বিশ্ববাংলা সম্মান লাভ করে এই পুজোর পরিবেশ, মন্ডপ সজ্জা, আলোকসজ্জা ইত্যাদির জন্য। এবছরও এই সম্মান পাবে চতুরঙ্গ তার বিশ্বাস বলে জানান কবি দত্ত।



