দুর্গাপুরে পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
আমার কথা, দুর্গাপুর, ২১ সেপ্টেম্বর:
আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা হল। ইতিমধ্যেই প্রকৃতি জানান দিচ্ছে মা উমার মর্তে আগমনের। এই পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণে প: বর্শমান জেলার মোট ১৪ টি সর্বজনীন তথা অন্যতম জনপ্রিয় পুজোর ভার্চুয়াল উদবোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রবিবার বিকেলে তিনি এই জেলার ১৪ টি পুজোর উদ্বোধন করেন, যার মধ্যে দুর্গাপুর পুরসভা এলাকায় রয়েছে ২টি পুজো। চতুরঙ্গ পুজো কমিটি ও ডুমুরতলা ইয়ুথ সেন্টার দুর্গাপুজা কমিটির পুজো। এদিন চতুরঙ্গ পুজো মন্ডপের প্রাঙ্গণে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, সমবায় ও গ্রামোন্নণ মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, এসিপি(দুর্গাপুর) সুবীর রায় প্রমূখ। এবারে চতুরঙ্গের থিম ‘সোনার বাংলা’। এই থিমের মধ্যে দিয়ে বাংলার ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য। মন্ডপের নকশা থেকে আলোকসজ্জা, এমনকি প্রতিমাতেও থাকছে বাংলার সৌন্দর্য ও গৌরবের ছোঁয়া।



