দেওয়াল তোলাকে কেন্দ্র করে দুই পাড়ায় সংঘর্ষ, ভাঙচুর, আক্রান্ত পুলিশও
আমার কথা, লাউদোহা, ১৫ মেঃ
আসা যাওয়ার পথে দেওয়াল তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধলো দুই পাড়ার মধ্যে । চলল মারপিট, ভাঙচুর। সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশও। ইঁটের ঘায়ে ভাঙলো পুলিশের গাড়ির কাঁচ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর থানার রসিকডাঙ্গা এলাকায়।
বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর ফরিদপুর থানার গোগলা পঞ্চায়েতের রসিকডাঙ্গা গ্রামে দেওয়াল তোলাকে কেন্দ্র করে তেঁতে উঠলো এলাকা। জানা যায় গ্রামের বাগদী পাড়া ও ধাঙ্গড়পাড়ার বাসিন্দারা সংঘর্ষে জড়ায়। স্থানীয় সূত্রে জানা যায় বাগদী পাড়ায় জনৈক ব্যক্তি একটি গলির মুখে দেওয়াল তোলার কাজ করছিল। দেওয়াল তুলতে বাধা দেয় ধাঙ্গড় পাড়ার লোকেরা। দেওয়াল দিলে গলি দিয়ে আসা যাওয়ার পথ বন্ধ হবে বলে দাবি তাদের। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে প্রথমে বচসা বাধে । পরে মারপিটে বেঁধে যায়। একে অপরকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। বেশ কয়েকটি বাড়িতেও ঘটে ভাংচুরের ঘটনা। খবর পেয়ে সেখানে পৌঁছাই দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ । পুলিশ দুপক্ষকে সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করেও ছোড়া হয় ইঁট। ভাঙচুর করা হয় পুলিশের একটি গাড়িতে। ঝামেলাই দুই পুলিশ কর্মী আক্রান্ত হয় বলেও অভিযোগ । পরে আরও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় জড়িত ১জনকে আটক করা হয়েছে বলে জানান এসিপি (অন্ডাল) পিন্টু সাহা।
কয়লা খনি অঞ্চলে ঝামেলা থামাতে গিয়ে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। বেশ কয়েক মাস আগে অন্ডাল থানার উখরা গ্রামে এক চিকিৎসকের চেম্বার ভাঙচুরের ঘটনা থামাতে গিয়ে আক্রান্ত হন অন্ডাল থানার বর্তমান ওসি। এর কিছুদিন পর পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামে প্রতিবেশীর বাড়িতে এক যুবকের রহস্য মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়ে সেদিন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামলাতে গিয়ে ইঁটের আঘাতে ডিসি (পূর্ব ) অভিষেক গুপ্তার মাথা ফাটে। অন্য দুই পুলিশ কর্মী আহত হন । বৃহস্পতিবারের ঘটনায় ফের আক্রান্ত হলো পুলিশ।



