কার্বণ তৈরীর কারখানার ট্রান্সফরমার ফেটে ঝলসে মৃত্যু শ্রমিকের
আমার কথা, দুর্গাপুর, ৩ মার্চঃ
ট্রান্সফরমার ফেটে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম সাধন বাউড়ি(৪৯)। মৃত শ্রমিকের পরিবারের জন্য ক্ষতিপূরনের ব্যবস্থার আশ্বাস দেওয়া হয় তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে।
দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত একটি বেসরকারি কার্বন তৈরীর কারখানায় অন্যান্য দিনের মতোই সোমবার সকালে কাজে যোগ দেন কালীপুরের বাসিন্দা সাধন বাউরি। কারখানার পাওয়ার প্ল্যান্টে ট্রান্সফরমার কাজ করার সময় আচমকাই সেটি ফেটে যায় আর তাতে ঝলসে যান সাধনবাবু ও আরো ২জন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাধন বাউরির। বাকি দুজন শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। খবরটি ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শ্রমিক মহলে।
এদিকে ঘটনার খবর পেয়ে কারখানায় যান আইএনটিটিইউসি নেতৃত্ব। মৃতের পরিবারের একজনকে চাকরি সহ যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় তার জন্য কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে বলে জানান তাঁরা।



