দেশের উন্নয়ণে কয়লার উৎপাদন বাড়ানোর প্রয়োজন- কয়লা মন্ত্রী
আমার কথা, পান্ডবেশ্বর, ২১ জুন:
বিদ্যুৎ উৎপাদন সহ দেশের সার্বিক উন্নয়নের জন্য অধিক কয়লা উৎপাদনের প্রয়োজন রয়েছে, সেই সাথে নজর দিতে হবে খনি এলাকার উন্নয়ন ও স্থানীয়দের কর্মসংস্থান ও রোজগারের বিষয়ে শনিবার সোনপুর বাজারিতে সাংবাদিক সম্মেলনে এ কথা বললেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষণ রেড্ডি।
দুদিনের সফরে শুক্রবার কয়লা খনি পরিদর্শনে আসেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কৃষন রেড্ডি। শুক্রবার বিমানে করে তিনি আসেন অন্ডালে। রাত্রি যাপন করেন দুর্গাপুরে একটি বেসরকারি হোটেলে। শুক্রবার তিনি ইসিএলের ঝাঁঝরা প্রজেক্ট পরিদর্শন করেন। শনিবার ঘুরে দেখলেন পাণ্ডবেশ্বরের সোনপুর বাজারি প্রকল্প। ঘুরে দেখেন সোনপুর ও মধুডাঙ্গা এলাকার পুনর্বাসন এলাকাও। দুপুরে তিনি সোনপুর বাজারীর আরএন কলোনির কমিউনিটি হলে সাংবাদিকদের মুখোমুখি হন। কয়লা মন্ত্রী জি কৃষন রেড্ডি বলেন গত দুই দিনে খনি পরিদর্শনের পাশাপাশি আধিকারিকদের সাথে বৈঠক ও খনি শ্রমিকদের সাথে দেখা করেছেন তিনি। সাক্ষাতে কয়লার উৎপাদন বৃদ্ধি নিয়ে হয়েছে আলোচনা। মন্ত্রী বলেন দেশে শতকরা ৭০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার হয়। এছাড়াও জ্বালানি হিসাবে কয়লার প্রয়োজন হয় অন্যান্য শিল্প সহ বহু কাজে। এজন্যই কয়লার উৎপাদন বাড়ানোর প্রয়োজন বলে জানান তিনি। কয়লা মন্ত্রী বলেন উৎপাদন বাড়ানোর পাশাপাশি নজর দিতে হবে খনি এলাকার সার্বিক উন্নয়নে, স্থানীয়দের রোজগার ও কর্মসংস্থান বৃদ্ধির দিকে।
শনিবার কয়লা মন্ত্রী সোনপুর বাজারিতে ২০ জন প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল ও ২৮ জনের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেন। এদিন বিকেলে তিনি অন্ডাল বিমানবন্দর থেকে বিমানে করে দিল্লির উদ্দেশ্যে উড়ে যান।



