প্রাক্তন বিধায়কের গলা নকল করে অবৈধ লেনেদেনের কথোপকথন ভাইরাল, চরম বিতর্ক
আমার কথা, ১৮ জানুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
ভাইরাল অডিও ক্লিপে প্রাক্তন বিধায়কের কণ্ঠস্বর নকল করে সরকারি আবাসনের অবৈধ লেনদেনের কথাবার্তা ছড়ানোর অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়াল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপে এক ব্যক্তি নিজেকে প্রাক্তন বিধায়ক বলে পরিচয় দিয়ে রাজ্য সরকারের অধীন ডিপিএল টাউনশিপের সরকারি আবাসনের লেনদেন নিয়ে কথোপকথন চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক।প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের দাবি, ভাইরাল অডিও ক্লিপে শোনা কণ্ঠস্বর তাঁর নয়।উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর গলা নকল করে তাঁকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ভোটের মুখে তাঁকে নোংরা রাজনীতির ফাঁদে ফেলার চেষ্টা চলছে বলেও দাবি তাঁর। ঘটনার পরই কোকওভেন থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়ে পুলিশের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন তিনি। ঘটনার সূত্রপাত দিন দুই আগে। হঠাৎ করেই একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অডিওতে সরকারি আবাসনের লেনদেন সংক্রান্ত কথোপকথন শোনা যায়, যা ঘিরে দ্রুত বিতর্ক দানা বাঁধে। অডিওটি ভাইরাল হওয়ার পর নিজের ফেসবুক প্রোফাইল থেকেও প্রতিক্রিয়া দেন বিশ্বনাথ পাড়িয়াল। সেখানে তিনি স্পষ্ট করে জানান, এই অডিওর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই এবং বিষয়টি সম্পূর্ণ ভুয়ো। এদিকে রাজনৈতিক সৌজন্যের নজির রেখে প্রাক্তন বিধায়কের পাশে দাঁড়িয়েছেন দুর্গাপুর পশ্চিমের বর্তমান বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই। তিনি প্রাক্তন বিধায়ককে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্তকে স্বাগত জানান এবং ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন। সব মিলিয়ে, প্রাক্তন বিধায়কের কণ্ঠস্বর নকল করে ফোনে সরকারি আবাসনের অবৈধ লেনদেনের কথাবার্তা ছড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় দুর্গাপুরের রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে।



