রামনবমীতে সৌজন্যতা, কবি-লক্ষ্মণের মিলন
আমার কথা, ২৬ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
শিল্পাঞ্চল দুর্গাপুরে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে দেখা গেল এক বিরল রাজনৈতিক সৌহার্দ্যের নজির। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের বেনাচিতি বাজার এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে বের হয় রামনবমীর শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় আকস্মিকভাবে উপস্থিত হন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান একই কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই। বিধানসভা নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের প্রার্থী একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করে শুভেচ্ছা জানান। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত স্থানীয়দের নজর কেড়েছে এবং এলাকায় সম্প্রীতির বার্তা ছড়িয়েছে। অনেকেই মনে করছেন, বাংলার মাটিতে ভ্রাতৃত্ব ও সহাবস্থানের যে ঐতিহ্য, এই ঘটনায় তারই প্রতিফলন ঘটেছে। শুভেচ্ছা বিনিময়ের পর তৃণমূল প্রার্থী কবি দত্ত শোভাযাত্রা থেকে সরে যান। অন্যদিকে, পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় বিজেপির দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমের প্রার্থী লক্ষণ ঘড়ুইকে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রী রাম স্লোগান শুনলে অসন্তোষ প্রকাশ করেন। তাঁর দলের প্রার্থীর এই উপস্থিতি তিনি কীভাবে নেবেন, সেটাই দেখার বিষয়। আমরা সৌজন্য দেখিয়েছি। তবে আমি আগেও এই শোভাযাত্রায় এসেছি, কিন্তু কবি বাবুকে আগে দেখিনি।” তৃণমূল প্রার্থী কবি দত্ত জানান, “আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই আমি এসেছি। ধর্ম সবার, তাই শ্রদ্ধা জানাতে এসেছি। এই বিষয়টিকে রাজনৈতিক রঙ দেওয়া উচিত নয়। লক্ষণবাবুর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেছি।”




