তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ সিপিএম কর্মীর বিরুদ্ধে
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১৪ জানুয়ারী:
দুর্গাপুরের অর্জুনপুরে তৃণমূল কর্মীর বাড়ি ভাংচুরের অভিযোগ। চরম উত্তেজনা এলাকায়। অভিযোগের তীর এলাকার সিপিএম কর্মী বাপি বাউরির বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি বাপি বাউরির। ডিভিসির নতুন ইউনিটের টেন্ডারকে ঘিরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কটাক্ষে বিজেপি।
৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অরুণাভ যশের অভিযোগ, “আমাদের সক্রিয় কর্মী মলয় মন্ডল। তার বাড়িতে বুধবার সন্ধ্যায় আচমকাই হামলা চালায় সিপিএম কর্মী বাপি বাউরির নেতৃত্বে দুষ্কৃতীরা। ভাঙচুর চালানো হয় বাইক, আসবাবপত্র। মারধর হয় পরিবারের সদস্যদের। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে আমরা হাঁটবো।”
পাল্টা বাপি বাউড়ির অভিযোগ,”মকর সংক্রান্তি উপলক্ষে দামোদরের ধারে পিকনিক হয়েছিল। সেই পিকনিক করাকে কেন্দ্র করে ঝামেলা। কিন্তু এর সাথে আমি যুক্ত ছিলাম না। আমার ওপর মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। আমি সিপিএমের কর্মী এটা একদম সত্য কথা।”
কটাক্ষ করে জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন,”ডিভিসির নতুন ইউনিট তৈরি হচ্ছে। সেই নিয়েই টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে। আর সেই নিয়েই এই গন্ডগোল। যদি কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কাজে কেউ বাধা দেয় তাহলে বিজেপি রাস্তায় নামবে। এলাকায় অশান্ত করার চেষ্টা করলে বিক্ষোভ শুরু করবো আমরাও।”



