দুর্গাপুরে ব্যাংকে চাবি বিভ্রাটের জের, গরমে দীর্ঘলাইনে নাকাল গ্রাহকেরা
আমার কথা, দুর্গাপুর, ২ জুন:
একেই মাসের শুরু, তার ওপর সপ্তাহের প্রথম দিন। স্বভাবতই ব্যাংক খোলার সময় হতেই দীর্ঘ লাইন গ্রাহকদের। এটা চিরাচরিত দৃশ্য যে কোন সরকারী ব্যাংকের ক্ষেত্রে। কিন্তু আজ সকাল থেকে সেই দৃশ্যের সাথে যোগ হল আরো একটি দৃশ্য আর তা হল রোদ চড়া হচ্ছে, লাইন লম্বা হচ্ছে কিন্তু ব্যাংক আর খুলছে না। না এতা গ্রাহকদের ভুল নয়। আজ কোনো সরকারী ছুটির দিনও নয়টাতবে কেন খুলছে না ব্যাংক? জানা গেল ব্যাংকের চাবি নাকি ম্যানেজারের কাছে আর ম্যানেজার গেছেন ট্রেনিংয়ে।
দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোনের অশোক এভিন্যুয়ে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের শাখায় সকাল থেকে পরিষেবা পেতে লাইন দিয়েছিলেন গ্রাহকরা। সোমবার সকাল ১০টা বাজার আগেই ব্যাংকে হাজির ব্যাংক কর্মীরা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ব্যাংক আর খোলে না। খুলবে কি করে? চাবি যে নেই। খোঁজ খোঁজ চাবি কার কাছে? অনেক খুঁজে একটি বাক্স আনা হল। কিন্তু সেই চাবি দিয়েও খোলা গেল না ব্যাংকের মূল প্রবেশদ্বারটি।
নীলকমল ব্যানার্জি নামের এক গ্রাহকের দাবি,”এক ঘণ্টার অধিক সময় ধরে তারা ব্যাংকের বাইরে দাঁড়িয়ে আছেন। যাবি কেন খুলছে না, আমরা বুঝে উঠতে পারছি না। এই গরমে সমস্যা তো হচ্ছেই। গতকাল জামাইষষ্ঠী গেছে হাতে প্রায় টাকাও শেষ। সেই জন্যই ব্যাংক এসেছিলাম টাকা তুলতে। এখন ভোগান্তির মুখে পড়তে হল।
এরপরেও ব্যাংকের চাবি না মেলায় কর্তৃপক্ষের চিন্তা বাড়তে থাকে। পরে ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা হয় ব্যাংক আর স্বস্তির নিঃশ্বাস নেন গ্রাহক থেকে শুরু করে ব্যাংক কর্মীরা। তবে সুত্র মারফত জানা যায়, ব্যাংকের ম্যানেজার ট্রেনিংয়ের জন্য গেছেন। ব্যাংকের চাবিটি তার কাছেই রয়ে গেছে। সেই জন্যই এই সমস্যার সৃষ্টি হয়েছে।



