ছাই পরিবহণের গাড়ি চাপা পড়ে মৃত্যু সাইকেল আরোহীর
আমার কথা, অন্ডাল, ২৩ মেঃ
ছাই বোঝাই গাড়ি ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর। মৃত ব্যক্তির নাম রুপলাল হেমব্রম। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে অন্ডাল মোড় সংলগ্ন ডিভিসি রোডে। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
শুক্রবার সকাল ১০ টা নাগাদ অন্ডাল মোড় সংলগ্ন ডিভিসি (তাপ বিদ্যুৎ কেন্দ্র) যাওয়ার রাস্তায় লরির ধাক্কায় মৃত্যু হল রূপলাল হেমব্রম (৫৬) নামে এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি অন্ডাল গ্রামের মাঝি পাড়ায়। তিনি ঠিকা শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন অন্ডাল তাপবিদ্যুৎ কেন্দ্রে। এদিন সকালে কর্মস্থলের উদ্দেশ্যে সাইকেল নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। ঠিক ডিভিসি ঢোকার মুখে সংস্থারই একটি ছাই পরিবহনের গাড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে সেখানে ভিড় জমান মৃত রূপলাল বাবুর বাড়ির লোকজন ও স্থানীয়রা। ক্ষতিপূরণের দাবিতে ডিভিসির পরিবহনের গাড়ি অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ অবরোধ উঠে যায়।



