সাইকেলের দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, ভস্মীভূত দোকান
আমার কথা, সনাতন গড়াই, দুর্গাপুর, ১৭ সেপ্টেম্বরঃ
দুর্গাপুর থানার রঘুনাথপুর এলাকায় চরম আতঙ্ক। সাইকেলের দোকানে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তে ভস্মীভূত গোটা দোকান। সূত্রের খবর, ওই দোকানে গ্যাস সিলিন্ডার রিফিলিংয়ের কাজ চলত। প্রথম বিস্ফোরণের পর পরবর্তী কয়েকটি সিলিন্ডার একের পর এক ফেটে যায়।
অবৈধভাবে পেট্রোল ডিজেল বিক্রি করা হতো বলে স্থানীয়দের অভিযোগ। আচমকা আগুন ধরে যায়। তারপরেই একের পর এক গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করতে থাকে। দোকানে পেট্রোল, ডিজেল থাকায় ছড়িয়ে পড়ে আগুন, মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকা।দোকানের মালিক চন্দন পাত্রের দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তিনি নিজেও ঝলসে যান আগুনে। দোকানের পাশে থাকা বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। দুর্ঘটনা এড়াতে পুলিশ দুর্গাপুরের ইসকন মন্দির থেকে রঘুনাথপুর যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে।ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। দোকানের মালিক চন্দন পাত্রকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দা সৌমেন ঘোষ বলেন,”দোকানে ধুপ দেখাচ্ছিলেন এবং প্রদীপ জ্বালাচ্ছিলেন দোকানের মালিক। সেই সময় গ্যাস লিক করাই আগুন ধরে যায়। তারপর একের পর এক সিলিন্ডার ব্লাস্ট করতে থাকে। দোকানে পেট্রোল ডিজেলও বিক্রি হত। সেইসবের জেরে আগুনের তীব্রতা বেড়ে যায়।”



