ভোটের পর দীঘায় জগন্নাথ মন্দিরের বাইরে বাটি হাতে বসতে হবে শুভেন্দুকে: দেবাংশু
আমার কথা, লাউদোহা, ১৩ আগস্ট:
সংবাদদাতা: সার্থক কুমার দে
২৬ শে ফের রাজ্যে সরকার গড়বে তৃণমূল, বিজেপির আসন আরও কমবে। পরাজয়ের পর গুরুত্ব থাকবে না শুভেন্দুর। তখন তাকে মমতা ব্যানার্জির তৈরি করা দীঘার জগন্নাথ মন্দিরের বাইরে বাটি হাতে বসতে হবে, বুধবার লাউদোহাতে জনসভায় এই কথা বলেন তৃণমূলের আইটি ছেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য।
মঙ্গলবার দুর্গাপুর ফরিদপুর (লাউদোহা) ব্লকের গোগলাতে মিছিল ও জনসভা করেছিল বিজেপি দল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বক্তৃতায় তিনি তৃণমূল সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে বিষোদগার করেন তিনি। ২০২৬-এ পশ্চিমবাংলায় ক্ষমতার বদল হবে দাবী করার পাশাপাশি শুভেন্দু বাবু বলেন এখানে বদল হবে বদলাও হবে। শুভেন্দুর এই মন্তব্যের ২৪ ঘণ্টা মধ্যেই বুধবার গোগলাতে একই জায়গায় পাল্টা মিছিল ও সভা করল তৃণমূল কংগ্রেস। এদিনের কর্মসূচিতে এলাকার তৃণমূল বিধায়ক তথা শাসকদলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর পাশাপাশি প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূলের আইটি সেল এর রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য। এদিন পানশিউলি মোড় থেকে মাদারবনি পর্যন্ত মিছিল হয়। সেখানে দুর্গা মন্দির মাঠে হয় জনসভা।
বক্তৃতায় নরেন্দ্রনাথ বাবু বলেন এ রাজ্যে ভোটে বারবার পরাজিত হয়ে কেন্দ্রের বিজেপি সরকার বাংলার প্রতি প্রতিহিংসামূলক আচরণ করছে। এক’শ দিনের কাজ আবাসন প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র। অন্যান্য প্রকল্পে টাকা ও আটকে রাখার ষড়যন্ত্র করছে তারা। শুধু ভাতে মারতে চাইছে তাই নয়, বাঙালির মাতৃভাষা বাংলাকেও শেষ করতে চাইছে বিজেপি। ২০২৬ এর ভোটে বাংলার মানুষ এর জবাব দেবে বলে জানান নরেন বাবু।
দেবাংশু ভট্টাচার্য বক্তৃতার শুরুতেই শুভেন্দু অধিকারী কে “কুলঙ্গার” বলে সম্বোধন করেন । বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদেই শুভেন্দু পরিচিতি পেয়েছে রাজনীতিতে। তারপর দুর্নীতি থেকে বাঁচতে যোগ দিয়েছে বিজেপি দলে। এখন উনি মুখ্যমন্ত্রী হওয়ার দিবা স্বপ্ন দেখছেন। যার আশীর্বাদে বড় হয়েছে আজ সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কখনো “বেগম” কখনো অন্য কোন অপশব্দ ব্যবহার করে গালাগাল দিচ্ছে। সবাইকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। কিন্তু উনি যতই লম্ফ ঝম্প করুন ২০২৬-এ আবার সরকার গড়বে তৃণমূল। তখন সবকিছু হারিয়ে দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা জগন্নাথ মন্দিরের বাইরে বাটি হাতে বসতে হবে শুভেন্দকে বলে মন্তব্য করেন দেবাংশু। পাশাপাশি এদিন তিনি এসআইআর তথা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে সকলকে সচেতন থাকার বার্তা দেন। বলেন এসআইআর হচ্ছে আসলে এনআরসি। এরা মানুষের ভোটাধিকার নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে। বলেন স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাঙ্গালীদের আর এখন দিল্লির শাসকরা বাঙ্গালীদের বাংলাদেশী বলে বিদ্রুপ করছে। বাংলা ভাষা নাকি কোন ভাষা নয় বলছে। তাই বাংলার মাটি আর বাংলার ভাষাকে বিজেপির হাত থেকে রক্ষা করতে সকলকে একজোট হওয়ার আহবান জানান দেবাংশু।



