অমরাবতীতে অবৈধ নির্মান ভাঙল দুর্গাপুর নগর নিগম
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ১০ অক্টোবর:
হাইকোর্টের নির্দেশে সরকারি জমির উপর গজিয়ে ওঠা একের পর এক অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করল দুর্গাপুর নগর নিগম। শুক্রবার সকাল থেকেই নগর নিগমের একটি বিশেষ দল বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে নামেন অমরাবতীর ডিফেন্স কলোনি এলাকায়। সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির উপর একাধিক গাড়ি রাখার গ্যারাজ গজিয়ে উঠেছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর প্রশাসনের তরফে বিষয়টি আদালতের নজরে আনা হয়। হাইকোর্ট সম্প্রতি রায় দেয়, সরকারি জমি দখল করে নির্মিত সব অবৈধ নির্মাণ দ্রুত ভেঙে দিতে হবে। সেই নির্দেশের ভিত্তিতেই শুক্রবার সকাল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী যাতে কোনোরকম অশান্তি না হয়। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই অভিযানে আপাতত ডিফেন্স কলোনির একাংশে কাজ শুরু হয়েছে, ধাপে ধাপে অন্য এলাকাতেও চলবে একইভাবে অবৈধ নির্মাণ উচ্ছেদ।
অভিযানের সময় স্থানীয় বাসিন্দা বাবলু মন্ডল বলেন, “স্থানীয় এক ব্যক্তির মদতে এই নির্মাণ গড়ে উঠেছিল। হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত সরকারী জমি দখলমুক্ত হল। আমরা খুব খুশি।”



