প্রেমে প্রতারণা? যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার দুর্গাপুরে
আমার কথা, সনাতন গরাই দুর্গাপুর, ১৪ জানুয়ারী:
দুর্গাপুরের এ জোনের নর্থ এভিনিউ এলাকায় এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোরে বাড়ির বাথরুম থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম শ্রেয় শর্মা(২৫)। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, কোক-ওভেন থানার অধীন দুর্গাপুরের রায়ডাঙ্গা এলাকার বাসিন্দা এক যুবতীর সঙ্গে প্রায় সাত-আট মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের। দিদি পূজা শর্মার অভিযোগ,”সম্প্রতি ফোনে কথা বলার সময় যুবকের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন পরিবারের সদস্যরা। প্রায়শই দু’জনের মধ্যে মনোমালিন্য ও অশান্তির ঘটনাও ঘটত বলে দাবি পরিবারের। বিয়ের প্রস্তাব দেওয়া হলে যুবতীর পরিবার তা নাকচ করে দেয়। এই ঘটনার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিল ভাই।” বুধবার ভোর পাঁচটা নাগাদ পরিবারের লোকজন বাথরুমে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। প্রেমিকের রহস্য মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।



