ভোপালের মাঠে দুর্গাপুরের ই-ট্রাক্টর, পাইলট প্রজেক্টে চালক মহিলারাই
আমার কথা, ১৩ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
পাইলট প্রকল্পে স্টিয়ারিং হাতে তুলে নিয়ে ব্যাটারি চালিত ট্রাক্টর চালালেন এক মহিলা। আর সেই মুহূর্তেই ভোপালের মাঠে নজর কাড়ল দুর্গাপুরে তৈরি আধুনিক কৃষি প্রযুক্তি। দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে তৈরি ব্যাটারি চালিত ই-ট্রাক্টর ও ই-টিলার এবার প্রদর্শিত হল ভোপালে। টেকসই ও পরিবেশবান্ধব কৃষির লক্ষ্যে এই অত্যাধুনিক যন্ত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ভোপালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ২৫০ জন কৃষক, ছাত্রছাত্রী ও সম্ভাবনাময় উদ্যোক্তা। এই প্রেক্ষাপটে বৈদ্যুতিক কৃষিযন্ত্রের ব্যবহার পরিবেশ রক্ষা এবং কৃষির অর্থনৈতিক শক্তি বাড়াতে বড় ভূমিকা নিতে পারে। ছোট ও খণ্ডিত জমিতে সহজে চলাচলের জন্য এই ট্রাক্টর বিশেষভাবে উপযোগী বলেও জানানো হয়। অনুষ্ঠানের শেষে মাঠে সরাসরি প্রদর্শনী হয় এবং কৃষকদের হাতে-কলমে ট্রাক্টর চালানোর সুযোগ দেওয়া হয়। উদ্বোধন করেন সংস্থার ডিরেক্টর নরেশচন্দ্র মুর্মু।তিনি বলেন,”অতীতের ভারী ও শব্দময় কৃষিযন্ত্রের তুলনায় এই বৈদ্যুতিক ট্রাক্টর প্রায় নিঃশব্দে কাজ করতে পারে। এতে কৃষকদের শারীরিক পরিশ্রম কমবে এবং চাষের খরচও উল্লেখযোগ্যভাবে কমবে। এই প্রযুক্তি শুধু যান্ত্রিক উন্নতি নয়, কৃষকদের স্বাস্থ্য ও মর্যাদা রক্ষার দিকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” গবেষকদের আশা, দুর্গাপুরে তৈরি এই বৈদ্যুতিক কৃষিযন্ত্র ভবিষ্যতে দেশের কৃষিক্ষেত্রে টেকসই প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দেবে।



