বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এসেও ফিরতে হল ইসিএল কর্মীদের
আমার কথা, পান্ডবেশ্বর, ৮ জুনঃ
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এসে বাসিন্দাদের বাধার মুখে পড়তে হলো ইসিএল কর্মীদের। শেষমেষে কাজ সম্পূর্ণ না করেই ফিরতে হলো তাদের। পাণ্ডবেশ্বর এর ভাটমুড়া গ্রামের ঘটনা।
ইসিএলের নতুন কয়লা খনির জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে পাণ্ডবেশ্বর ব্লকের ভাটমুড়া গ্রামে। নিয়ম অনুযায়ী বাসিন্দাদের দেওয়া হয়েছে পুনর্বাসন। কিন্তু কিছু দাবি দাওয়া বকেয়া থাকায় এখনো গ্রামে থাকেন বাসিন্দাদের একাংশ। গ্রামটিতে রয়েছে একটি সরকারি ও একটি ইসিএলের বিদ্যুৎ সংযোগ। রবিবার সকালে ইসিএলের একজন আধিকারিক ও কয়েকজন কর্মী গ্রামে আসেন ইসিএলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য। বিদ্যুৎ ট্রান্সফরমার খোলার কাজ শুরু করা মাত্র সেখানে জড়ো হয় বাসিন্দারা। তারা ট্রান্সফরমার খুলতে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা দেন বলে অভিযোগ। সংস্থার কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান তারা বলে স্থানীয় সূত্রে খবর। বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত সংস্থার আধিকারিক ও কর্মীরা কাজ অসমাপ্ত রেখেই ফিরে যান। বাসিন্দাদের পক্ষে অজিত পাল বাপি বাউরি-রা বলেন ভাটমুড়া গ্রামের বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া হয়েছে ঠিকই কিন্তু এখনো ক্ষতিপূরণ সহ কিছু বকেয়া রয়েছে। সেই কারণে এখনো অনেকে গ্রাম ছেড়ে যায়নি, তারা এখনো সেখানে বসবাস করে। এমন অবস্থায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলে তারা কিভাবে বসবাস করবে এই প্রশ্ন তোলেন। বকেয়া সমস্ত দাবি না মেটা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে দেওয়া হবে না বলে জানান তারা।



