পাণ্ডবেশ্বরে কয়লা ব্যবসায়ীর বাড়িতে ইডি-র হানা, এলাকায় চাঞ্চল্য
আমার কথা, ৩ ফেব্রুয়ারী
সার্থক দে, পান্ডবেশ্বর:
মঙ্গলবার সাত সকালে দুর্গাপুরসহ খনি অঞ্চলের একাধিক জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দল (ইনফোর্সমেন্ট ডাইরেক্টর) । সুত্র মারফত জানা যাচ্ছে এ দিন সকালে একযোগে পানাগড় দুর্গাপুরের নিউ টাউনশিপ ছাড়াও অন্ডাল ও পাণ্ডবেশ্বরে এক কয়লা ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছে ই ডি ।
মঙ্গলবার সকাল সাতটা নাগাদ তিনটি গাড়িতে করে ইডির একটি টিম হানা দেয় পাণ্ডবেশ্বর এর নবগ্রামে এক কয়লা ব্যবসায়ীর বাড়িতে । যা নিয়ে এলাকায় ছড়িয়েছে কৌতুহল ও চাঞ্চল্য । স্থানীয় সূত্রে জানা যায় পাণ্ডবেশ্বরের নবগ্রামে ওই ব্যবসায়ীর রয়েছে একটি বিলাসবহুল বহুতল বাড়ি । সেই বাড়িতেই হানা দিয়েছে ইডি । এছাড়াও ওই ব্যক্তি আসানসোলের কালিপাহাড়িতে একটি সুপার স্পেশালিটি হাসপাতালেরও অংশীদার । উখড়া শংকরপুর রেলগেট সংলগ্ন এলাকায় রয়েছে একটি বহুতল মার্কেট কমপ্লেক্স । স্থানীয়রা জানান একসময় ওই ব্যক্তি ছোটখাটো কয়লা পাচারের ব্যবসা করতেন । তারপর উল্কার গতিতে তার উত্থান হয় । তবে এবারই প্রথম নয় । লকডাউন পরবর্তী সময়ে ওই ব্যক্তির বাড়িতে হানা দিয়েছিল সিআইডি । এবার ইডির হানাতে তার বাড়ি থেকে কি উদ্ধার হয় তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল ।
সূত্র মারফত জানা গেছে এদিন দুর্গাপুর অন্ডাল সহ খনি অঞ্চলের যে সকল ব্যক্তির বাড়ি ও অফিসে একযোগে ইডি হানা দিয়েছে তারা অবৈধ কয়লা ও বালি ব্যবসার সাথে যুক্ত ।



