বুকে পেসমেকার বসিয়ে শুনানির লাইনে বৃদ্ধা, অমানবিক নির্বাচন কমিশন কটাক্ষে তৃণমূল
আমার কথা, সনাতন গরাই, দুর্গাপুর, ৩০ ডিসেম্বরঃ
ভেন্টিলেশনে ছিলেন। বুকে বসেছে পেসমেকার। কোনরকমে ফিরেছে প্রাণ। তার পরেও শুনানির লাইনে দাঁড়াতে হল বৃদ্ধাকে। এভাবেই তো অসুস্থ মানুষকে শাস্তি দিতে চাইছে বিজেপি মনোনীত নির্বাচন কমিশন কটাক্ষে মন্ত্রী প্রদীপ মজুমদার। অসুস্থ মানুষদের বাড়িতে গিয়ে শুনানি করা দরকার দাবি করছে বিজেপিও।
দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ডের বেনাচিতি সুভাষপল্লী এলাকার কলি ঘোষ দস্তিদার। যার বয়স ৭৬। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি বুকে পেসমেকার বসিয়ে বাড়িতে ফিরেছেন। কিন্তু বাড়িতে ফিরেই আবার ডাক পড়েছে শুনানিতে। তাতেই তার বুকে বেড়েছে আরো ধরফরানি। উপায় না পেয়ে মঙ্গলবার গাড়িতে করে হাজির হন শুনানি কেন্দ্রে। কলি ঘোষ দস্তিদার বলেন,”খুব কষ্ট করে আসতে হল। তবুও এলাম।”মেয়ে নিশা ঘোষ দস্তিদার বলেন,”মায়ের অবস্থা এমনিতেই খারাপ।। অসুস্থ। কিন্তু তারপরেও নিয়ে আসতে হলো। বাড়িতে গিয়ে যদি শুনানি হত তাহলে ভালো হতো। এখন তো আমাদের চরম সমস্যার মধ্যে পড়ে আসতে হলো।” রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,”বিজেপি মনোনীত নির্বাচন কমিশন এইভাবেই প্রবীণ মানুষদের সমস্যার মধ্যে ফেলছেন। অসুস্থ মানুষদের ভোটার কার্ড বাতিল করে দিতেই চাইছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি।” পাল্টা জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন,”আমরাও দাবি করেছি, যারা শারীরিকভাবে অক্ষম তাদের বাড়িতে গিয়ে শুনানি করতে হবে। তারপরেও কেন ডাকা হচ্ছে আমরা বুঝে উঠতে পারছিনা। আমরা নির্বাচন কমিশনের কাছে আবার দাবি রাখবো যারা অসুস্থ যারা প্রবীণ মানুষ তাদের বাড়িতেই হোক শুনানি।”



