শেষ হল উচ্চমাধ্যমিক পরীক্ষা, দুর্গাপুরে আবির খেলায় মাতলো পরীক্ষার্থীরা
আমার কথা, ২৭ ফেব্রুয়ারী
সনাতন গরাই, দুর্গাপুর:
১২ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ শান্তিপূর্ণভাবে শেষ হলো। শেষ দিনের বিষয় ছিল পরিবেশ বিজ্ঞান। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলিতে ছিল প্রশাসনের কড়া নজরদারি, যাতে সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা সম্পন্ন হয়। নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ হতেই পরীক্ষার্থীদের মুখে দেখা যায় স্বস্তির হাসি।
দীর্ঘ কয়েক সপ্তাহের মানসিক চাপ, পড়াশোনার ব্যস্ততা ও প্রস্তুতির পর অবশেষে পরীক্ষা শেষ হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ছাত্র-ছাত্রীরা। দুর্গাপুর মডার্ন স্কুলের গেটের বাইরে বেরিয়েই তারা একে অপরকে আবির মাখিয়ে আনন্দ ভাগ করে নেয়। কেউ বন্ধুদের জড়িয়ে ধরে শুভেচ্ছা জানায়, কেউ আবার ছবি তুলে এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখে।
অনেকেই জানান, পরীক্ষার চাপ কাটিয়ে যেন নতুন করে মুক্তির অনুভূতি মিলেছে। ভবিষ্যৎ পরিকল্পনা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে আলোচনা চলতে থাকে বন্ধুদের মধ্যে। শেষ দিনের এই আনন্দঘন পরিবেশে স্কুল চত্বরে তৈরি হয় এক উৎসবমুখর আবহ, যা দীর্ঘদিন মনে রাখবে পরীক্ষার্থীরা।



