BREAKING! রবিবাসরীয় বিজেপি প্রার্থীর প্রচারের শুরুতেই উত্তেজনা
আমার কথা, ২৯ মার্চ
সনাতন গরাই, দুর্গাপুর:
জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে বিজেপির শোভাযাত্রা। পাল্টা জয় বাংলা স্লোগান তৃণমূলের। চরম উত্তেজনা দূর্গাপুরের ১৮ নম্বর ওয়ার্ডের নিশানহাট এলাকায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। রবিবার সকালে দুর্গাপুরের ১৮ নম্বর ওয়ার্ডে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই বিজেপি কর্মীদের নিয়ে শোভাযাত্রা করে। তৃণমূলের কর্মী সমর্থকরাও ওই এলাকাতেই ছিলেন। তাদের অভিযোগ, তৃণমূল কর্মীদের দেখে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। তারই পাল্টা তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। পাল্টা বিজেপি নেতৃত্বের দাবি, মহিলাদের টাকা দিয়ে জয় বাংলা স্লোগান দেওয়াচ্ছে তৃণমূল।
এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা শুরু হয়। পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এলাকার তৃণমূল নেতা বাবুয়া ঠাকুরের অভিযোগ,”পাঁচ বছর দেখা যায়নি লক্ষণ ঘরুইকে। এখন নাটক করতে এসেছে। আর আমাদের কর্মীদের দেখে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। কিন্তু আমরা কাউকে উদ্দেশ্য করে কোনো স্লোগান দেই নি। বাংলার মানুষের স্লোগান জয় বাংলা বলেছি।” পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের অভিযোগ,”এলাকার মহিলাদের হাজার হাজার টাকা দিচ্ছে তৃণমূল। সেই জন্যই বিজেপির যেখানেই পদযাত্রা যাচ্ছে সেখানেই এইভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। ২০২৬ বিধানসভা নির্বাচনে বাংলা থেকে বিদায় হবে তৃণমূল। যারা জয় বাংলা স্লোগান দিচ্ছিল যারা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিল তারাই এই বাংলায় কাজ পাবে বিজেপি আসার পর।”




