ফেসবুকের দল বিজেপি, শুভেন্দুকে ক্ষ্যাপা ষাঁড় বলে কটাক্ষ বিধায়কের
আমার কথা, লাউদোহা, ৩ জুলাইঃ
মানুষের সাথে কোন যোগাযোগ নেই বিজেপির, ওটা হল ফেসবুকের দল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজ ক্ষ্যাপা ষাঁড়ের মতো বলে কটাক্ষ বললেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
২১-শে জুলাই শহীদ দিবস কর্মসূচির সমর্থনে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলাতে মিছিল ও জনসভা করল তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল বিধায়ক কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় বনগ্রাম হাটতলায়। সেখানে হয় জনসভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা শাসকদলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। কয়েকদিন আগে গোগলাতে পথসভা করেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। ঐদিন তিনি বিধায়ক নরেন বাবুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করে । এদিন তার জবাবে নরেন বাবু বলেন ২০২১ সালে জিতেন তেওয়ারি ভোটে পরাজয়ের পর চার বছর তিনি এই এলাকায় আসেননি। আগামী ভোটে প্রার্থী হওয়ার আশায় উনি এলাকায় এসে কুৎসা করছেন । আমরা কুৎসাতে বিশ্বাসী নই উন্নয়নে বিশ্বাসী। দ্বিতীয়বার ওনাকে হারিয়ে এলাকার মানুষ জবাব দেবেন বলে জানান নরেন বাবু । পাশাপাশি তিনি বলেন বিজেপি দলটা ফেসবুক টুইটারের দল। মানুষের মুখোমুখি না হয়ে বিজেপি নেতারা শুধু ফেসবুক টুইটারে অভিযোগ আর কুৎসা করে। এরা মানুষ থেকে বিচ্ছিন্ন। বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে ছোট ভাই বলার পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ক্ষ্যাপা ষাঁড় বলে কটাক্ষ করেন তিনি। বলেন বিরোধী দলনেতার বডি ল্যাঙ্গুয়েজ ক্ষ্যাপা ষাঁড়ের মত। দেখলে মনে হয় সামনে তিনি যাকে পাবে তাকে গুঁতিয়ে দেবে। গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন এদিনের সভাতে এলাকার ৪০ টি বিজেপি সমর্থক পরিবারের ৩০০ জন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। পাশাপাশি তিনি বলেন আগামী ২১-শে জুলাই এলাকা থেকে ১০০০ কর্মী সমর্থক ধর্মতলার সভাতে যোগ দেবে।



