বিয়ের মিথ্যে প্রতিশ্রুতিতে সহবাস, কারাদন্ডের নির্দেশ
আমার কথা, ১৬ জানুয়ারী:
সনাতন গরাই, দুর্গাপুর:
বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক ব্যাক্তিকে ১০ বছরের কারাদন্ড ঘোষণা করল আদালত।
অভিযুক্তের নাম ওমরেশ কুমার মণ্ডল। অভিযোগ অনুযায়ী, তিনি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে এক মহিলার সঙ্গে সহবাস করেন। পরবর্তীতে নানা অজুহাতে বিয়ে করতে অস্বীকার করলে বিষয়টি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ২০২০ সালে নির্যাতিতা মহিলা অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়।
দীর্ঘ কয়েক বছর ধরে মামলার শুনানি চলে দুর্গাপুর মহকুমা আদালতে। সাক্ষ্যপ্রমাণ, নথিপত্র ও উভয় পক্ষের বক্তব্য খতিয়ে দেখার পর আদালত অভিযুক্ত ওমরেশ কুমার মণ্ডলকে দোষী সাব্যস্ত করেন। আজ আদালতের রায়ে অভিযুক্তকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।



