বিজেপির সহায়তা ক্যাম্পে আগুন, অভিযোগ শাসক দলের বিরুদ্ধে
আমার কথা, সার্থক কুমার দে, লাউদোহা, ৩১ ডিসেম্বর:
বিজেপির এস আই আর সহায়তা ক্যাম্পে আগুন লাগার ঘটনায় ছড়ালো উত্তেজনা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের। ঘটনার সূত্রে জানা যায় দুর্গাপুর ফরিদপুর ব্লক কার্যালয়ে চলছে এসআইআর এর শুনানি প্রক্রিয়া। শুনানিতে ডাকো ভোটারদের সহায়তা করতে বিডিও অফিসের বাইরে ক্যাম্প করেছে তৃণমূল ও বিজেপি। মঙ্গলবার গভীর রাতে কেউ বা কারা বিজেপির ক্যাম্পে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে ভষ্মীভূত হয় ক্যাম্পটি। তৃণমূলের লোকজনেরাই ক্যাম্পে আগুন লাগিয়েছে বলে অভিযোগ বিজেপির। বুধবার দুর্গাপুর ফরিদপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা বেনুধর মন্ডল। তৃণমূল নেতা গৌতম ঘোষ ও তার লোকজনেরা ক্যাম্পে আগুন লাগিয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। বিজেপির উত্থানে ভয় পাচ্ছে তৃণমূল। সেই কারণেই ক্যাম্পে আগুন লাগানো হয়েছে বলে জানান বিজেপি নেতা জিতেন চ্যাটার্জি। অন্যদিকে অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসকদলের পক্ষ থেকে। অভিযুক্ত গৌতম ঘোষ বলেন রাজনৈতিক উদ্দেশ্যে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে শুনেছি। তিনি বলেন বিজেপির ক্যাম্প ফাঁকা ছিল। শুনানিতে আসা ভোটার-রা সহায়তা পেতে প্রতিদিন তৃণমূল ক্যাম্পে ভিড় জমাচ্ছে। তাই ক্যাম্প করে বিড়ম্বনায় পড়েছিল বিজেপি। লজ্জার হাত থেকে বাঁচতে তারা নিজেরাই ক্যাম্পে আগুন লাগিয়েছে বলে দাবি করেন গৌতম বাবু।



