কঙ্কাল কান্ডের জট কাটাতে নমুনা সংগ্রহে ফরেনসিক দল
আমার কথা, পান্ডবেশ্বর, ২১ এপ্রিল:
কুমারডিহি পার্কের ভেতর ও সংলগ্ন এলাকায় উদ্ধার হয় কঙ্কাল। উদ্ধার হওয়া কঙ্কাল এলাকার নিখোঁজ যমজ বোনের বলে বাড়ছে সন্দেহ। সোমবার কঙ্কাল উদ্ধার হওয়া জায়গা থেকে নমুনা সংগ্রহ করলো ফরেনসিক দল।
গত ডিসেম্বর মাসের ১ তারিখ কুমারডিহি গ্রামের ১০ বছর বয়সের দুই যমজ বোন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করলেও এতদিনেও নিখোঁজ রহস্যের জট কাটেনি। আচমকা গত শনিবার কুমারডিহির ডিহি পার্ক ও সংলগ্ন খোলা মাঠ থেকে কয়েকটি কঙ্কাল উদ্ধার হয়। সেই সাথে উদ্ধার হয় মাথার খুলি, কিছু চুল, পোশাকের টুকরো কাপড়, জুতো। পোশাকের টুকরো ও জুতো দেখে নিখোঁজ বোনেদের আত্মীয়রা এগুলি নিখোঁজ বোনেদের বলে সনাক্ত করে। ঐদিন তদন্তকারীরা বলেন উদ্ধার হওয়া কঙ্কালের ডিএনএ টেস্টের পরই জানা যাবে এগুলি নিখোঁজ শিশুদের কি না। শনিবার যে জায়গা থেকে কঙ্কাল উদ্ধার হয় সেই জায়গাগুলি ব্যারিকেড করে নজরদারির জন্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করে পুলিশ। সোমবার সকালে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এনে ওই জায়গায় নতুন করে খোঁজ শুরু করে পুলিশ। দুপুর দুটো নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছাই তিন সদস্যের ফরেন্সিক দল । তারা এদিন ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে সাথে নিয়ে যান। তবে প্রশিক্ষিত কুকুর এনে তল্লাশি ও নমুনা সংগ্রহ নিয়ে পুলিশ অথবা ফরেনসিক দলের সদস্যরা এদিন কোন প্রতিক্রিয়া দেননি। উদ্ধার হওয়া কঙ্কাল নিখোঁজ যমজ বোনের কি না তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি চাঞ্চল্য তৈরি হয়েছে।



