প্রাক্তন বিধায়ক ত্রাণ চোর ! অভিযোগ দলীয় পঞ্চায়েত সদস্যের
আমার কথা, ৬ জুন
সার্থক কুমার দে, অন্ডাল:
পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের বাঁকোলা সুভাষ কলোনির বাসিন্দা তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর আবাসন সংলগ্ন একটি স্বেচ্ছাসেবী সংস্থার গোডাউন থেকে শুক্রবার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, সরকারি ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বণ্টন না করে পাচারের উদ্দেশ্যে সেখানে মজুত করে রাখা হয়েছিল । এই ঘটনার পর শুক্রবার অন্ডাল থানাতে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ দায়ের করেন ছোড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ জুম্মন । শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ জুম্মন দাবি করেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ছোড়া পঞ্চায়েতের গুদাম থেকে বেশ কিছু সরকারি ত্রাণের ত্রিপল চুরি হয়ে যায় । বিষয়টি সে সময় প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছিল । তাঁর অভিযোগ, সম্প্রতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর আবাসন সংলগ্ন গোডাউন থেকে যে সরকারি ত্রাণের ত্রিপল উদ্ধার হয়েছে, সেগুলিই পঞ্চায়েত থেকে চুরি যাওয়া ত্রিপল । ভাই ঘটনাটি তদন্তের দাবি জানিয়ে অভিযোগ দায়ের করেছি বলে জানান তিনি । ঘটনার রাজনৈতিক তাৎপর্য আরও বেড়েছে এই কারণে যে, অভিযোগকারী শেখ জুম্মন একসময় নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ অনুগামী হিসেবেই পরিচিত ছিলেন । কিন্তু সাম্প্রতিক নির্বাচনে তৃণমূলের ফলাফল ও পরিবর্তিত রাজনৈতিক সমীকরণের পর দলের অভ্যন্তরে দূরত্ব তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা । ফলে বিরোধীদের অভিযোগের বদলে এবার তৃণমূলেরই এক নির্বাচিত পঞ্চায়েত সদস্যের তরফে দলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের হওয়ায় ঘটনাটি নতুন রাজনৈতিক মাত্রা পেয়েছে । প্রশাসন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহল ও স্থানীয় বাসিন্দাদের ।



