গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পুরপিতা
আমার কথা, ১৪ মে
মুনমুন দত্ত, দুর্গাপুর:
দুর্গাপুর থানার পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হলেন প্রাক্তন পুরপিতা হিরালাল বাউড়ি। তাঁর বিরুদ্ধে নানা অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। দায়িত্ব নেওয়ার পর রাজ্যের পুলিশ আধিকারিকদের সাথে একপ্রস্থ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশিকাও দেওয়া হয়েছিল। সেই নির্দেশিকা অনুযায়ী বুধবার সারা রাজ্য জুড়ে এক বিশেষ অভিযান চালানো হয়। নির্দেশিকা অনুসারে দেখা হয় কোথাও অবৈধ অস্ত্র বা বোমা মজুত আছে কিনা, কোথাও ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে কিনা।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও এদিন দুর্গাপুরে এক বিশেষ অভিযান চালায় দুর্গাপুর থানার পুলিশ। এই বিশেষ অভিযান চালানো হয় দুর্গাপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায়। এই অভিযানে গ্রেফতার করা হয় দুর্গাপুর নগর নিগমের ৩৩ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল পুরপিতা হিরা বাউড়িকে। নানা অসামাজিক কার্যকলালের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে হিরালাল বাউড়ির বিরুদ্ধে। সেই অভিযোগে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও আরো ৮ জন দুষ্কৃতিকেও গ্রেফতার করা হয় এদিন৷
প্রসঙ্গত: ২০১৪ সালের অক্টোবরে দুর্গাপুরের ওয়েবেল আইটি পার্কে এক আইটি কোম্পানির ডিরেক্টরকে মারধরের অভিযোগে তৎকালীন তৃণমূল পুরপিতা হিরালাল বাউরী গ্রেফতার হয়েছিলেন।
ভীতি সঞ্চার এবং অপরাধমূলক কাজে যুক্ত থাকা বা অশান্তির সৃষ্টি করার মতো কাজে যুক্ত থাকার অভিযোগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানার পুলিশ বুধবার রাতে তিনজনকে আটক করে। এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য পুলিশের পক্ষ থেকে এলাকায় কড়া হুঁশিয়ারী দেওয়া হয়েছে। কোক ওভেন থানার আধিকারিক জানিয়েছেন,এই ধরনের কোনো অসামাজিক কাজ বরদাস্ত করা হবে না। এবিষয়ে পুলিশ কড়া নজরদারি শুরু করেছে।



