আবাসন সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
আমার কথা, সার্থক কুমার দে, অন্ডাল, ১৪ জানুয়ারী:
অন্ডাল ব্লকের খান্দরা এলাকায় একটি আবাসন সংস্থা থেকে বাড়ি কিনে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ গৌতম সিনহা নামে এক ব্যক্তির । তিনি জানান উখরা থেকে অন্ডাল যাওয়ার পথে খান্দরা কলেজের ঠিক উল্টো দিকে রয়েছে একটি আবাসন সংস্থার প্রচুর জমি । আগ্রহীদের জমি সহ বাড়ি তৈরি করে দেয় ঐ বেসরকারি আবাসন সংস্থাটি । সেখানে ২০২৩ সালে ওই সংস্থার কাছে থেকে ৬ কাঠা জমি কিনেন গৌতম বাবু । সেই জমির উপর ৩৪০০ স্কোয়ার ফুটের দু’তলা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য চুক্তি হয় ওই সংস্থার সাথে । গত বছরের মাঝামাঝি সময় নতুন বাড়িতে পরিবার নিয়ে থাকা শুরু করেন গৌতম বাবু । তার অভিযোগ চুক্তি মত বেশ কিছু কাজ ওই সংস্থা করে দেয়নি । তাছাড়া বাড়িটিতে রয়েছে একাধিক সমস্যা । ছাদে জল জমে । ড্যাম রয়েছে দেওয়ালে । যার ফলে ছাদ নষ্ট হওয়ার আশঙ্কার পাশাপাশি বাড়ির ভিতরে দেওয়ালের রং উঠে যাচ্ছে । গৌতম বাবু জানান বাড়িটির ত্রুটির কথা সংস্থাকে জানালে তারা সেগুলি ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল । কিন্তু বিনিময়ে আরও কয়েক লক্ষ টাকার দাবি করে তারা । দাবি মত টাকা না দেওয়ায় দেওয়ায় কয়েকদিন আগে বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেয় সংস্থা । পরে অবশ্য সেই সংযোগ জুড়েও দেওয়া হয় । তিনি বলেন শুধু তার বাড়ি নয় ওই সংস্থার তৈরি করা আরো বেশ কয়েকটা বাড়িতেও একই রকম সমস্যা রয়েছে বলে জানতে পারেন তিনি । বলেন বাড়িটি যেসব সমস্যা রয়েছে সেগুলি দ্রুত ঠিক করে দেওয়ার আবেদন জানিয়েছি সংস্থাকে । সংস্থা সেই কাজ না করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছি বলে জানান তিনি ।
অন্যদিকে বাড়ির মালিক গৌতম বাবুর সমস্ত অভিযোগ অস্বীকার করেন সংস্থার সাথে যুক্ত রিজু ব্যানার্জি । তিনি বলেন এরকম কোন অভিযোগ তার জানা নেই । বিষয়টি খোঁজ নিয়ে দেখব বলে জানান তিনি । তবে ওই সংস্থার বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয় । আরো অভিযোগ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে । স্থানীয় বাসিন্দারা জানান কয়েক বছর আগে খান্দরা কলেজের ঠিক উল্টো দিকে ইসিএল এর জমির উপর ওই সংস্থা আসা যাওয়ার জন্য রাস্তা তৈরি করে ছিল । বিষয়টি প্রকাশ্যে আসতে ইসিএল রাস্তাটি বন্ধ করে দেয় ।



