আসানসোলে ফের উদ্ধার হল গাঁজা, গ্রেফতার ৩
আমার কথা, আসানসোল,৭ মার্চ :
আসানসোলে ফের উদ্ধার হল গাঁজা। শুক্রবার আসানসোল দক্ষিণ থানার মনোজ সিনেমা হলের সামনে থেকে এক মহিলা সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় ১০ কেজি গাঁজা।
কয়েকদিন আগে আসানসোল এলাকা থেকে উদ্ধার হয়েছিল এক কুইন্টাল গাঁজা। ঘটনায় গ্রেপ্তার হয় ১০ জন পাচারকারী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকায় বেড়েছে উদ্বেগ। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের একটি দল অভিযান চালায় কুমারপুর এলাকায় মনোজ সিনেমা হলের সামনে। সেখানে এক মহিলা সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় ১০ কেজি গাঁজা। একটি বড় ব্যাগের ভেতর ছিল দশটি গাঁজা ভর্তি প্যাকেট। পুলিশ সূত্রে জানা যায় যে তিনজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে অনিল কুমার সিং ও নেহা অধিকারী জামুড়িয়ার বাসিন্দা, অপরজন অরুনেশ চৌধুরী কুলটি এলাকার। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।



