বেঙ্গল বিজনেস কাউন্সিলের আলোচনা সভায় শিল্প ও ব্যবসার প্রসারে সরকারের আশ্বাস, উপস্থিত পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্রিমিত্রা পাল
আমার কথা, ২৬ জুন
সনাতন গরাই, দুর্গাপুর:
শিল্প, বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে আশাবাদী বার্তা উঠে এল বেঙ্গল বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা থেকে। ব্যবসায়ীদের সমস্যার দ্রুত সমাধান এবং নতুন শিল্প গড়ে তুলতে রাজ্য সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্রিমিত্রা পাল। দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত এই সভায় রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী, শিল্পোদ্যোগী এবং বণিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্যের বাঙালি ব্যবসায়ীদের মধ্যে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে। বর্তমান রাজ্য সরকার বাঙালি উদ্যোগপতিদের ব্যবসা সম্প্রসারণ এবং নতুন শিল্প গড়ে তোলার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করছে। ব্যবসায়ীদের পাশে থেকে তাঁদের বিভিন্ন সমস্যার সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। মন্ত্রী আরও বলেন, বিশেষ করে জমি সংক্রান্ত নানা জটিলতা ও প্রশাসনিক সমস্যার কারণে অনেক সময় শিল্প ও ব্যবসার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। সেই সমস্ত সমস্যার দ্রুত সমাধানের জন্য সরকার সক্রিয়ভাবে উদ্যোগ গ্রহণ করেছে। প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয় রেখে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে নতুন বিনিয়োগ এবং শিল্প স্থাপনের পথ আরও সহজ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল বিজনেস কাউন্সিলের সভাপতি চন্দ্রশেখর ঘোষ, বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মণ ঘোরুই, রাজু পাত্র, বিশিষ্ট শিল্পপতি সুপ্রিয় গঙ্গোপাধ্যায়-সহ শিল্পপতি মহলের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।



