জাতীয় সড়কে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই চলন্ত সরকারী বাস
আমার কথা, ২ ফেব্রুয়ারী
রাকেশ লাহা, রানীগঞ্জ:
সোমবার সন্ধ্যা নাগাদ কলকাতা থেকে আসানসোল গামী যাত্রী বোঝাই দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাসে আচমকায় আগুন লেগে যায়। নিমেষেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়তেই যাত্রী মহলে আতঙ্ক নেমে আসে। তৎক্ষণাৎ চালক গাড়িটি থামিয়ে যাত্রীদের দ্রুত বাস থেকে নামিয়ে দেয়। ঘটনাটি ঘটে রানীগঞ্জের টিবি হাসপাতাল সংলগ্ন এলাকায়।
জাতীয় সড়কে এমন ঘটনায় ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল।
ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পুলিশ ও রানীগঞ্জ দমকল বিভাগ। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চললেও ততক্ষণে বাসের ছাদ থেকে শুরু করে সিট সমস্ত কিছু জ্বলে পুড়ে খাঁক হয়ে যায়।
অবশ্য অল্পের জন্য প্রাণে রক্ষা পায় যাত্রীরা।
ঘটনা প্রসঙ্গে রানীগঞ্জ ফায়ার স্টেশনের এক
আধিকারিক জানান, আমরা খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আমাদের কর্মীরা তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে এবং কোনরকম কোন যাত্রী দুর্ঘটনার বিষয় এখনো পর্যন্ত শোনা যায়নি।
দমকল আধিকারিকের অনুমান, বাসের ভেতরে কোনরকম কোন বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখার কাজ চলছে।



