BREAKING! সন্ত্রাস লুটপাট ও হুমকির অভিযোগে এবার গ্রেফতার অন্ডালের ছোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান
আমার কথা, ১৯ মে
সনাতন গরাই, দুর্গাপুর:
দিকে দিকে সন্ত্রাস, তোলাবাজি, দুর্নীতি ও সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগে দিকে দিকে গ্রেপ্তার হচ্ছে তৃণমূল নেতা। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের বিরুদ্ধে উঠছে বিস্ফোরক সব অভিযোগ। কোথাও কাটমানি, কোথাও তোলাবাজি, কোথাও আবার রাজনৈতিক সন্ত্রাস চালিয়ে বিরোধীদের দমিয়ে রাখার অভিযোগ। সেই আবহের মধ্যেই গ্রেপ্তার তৃণমূল পরিচালিত ছোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রামচরিত পাশওয়ান। অন্ডাল থানার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ২০২১ সাল থেকে এলাকায় দাপটের সঙ্গে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল রামচরিত পাশওয়ান। স্থানীয়দের দাবি, সাধারণ মানুষের উপর প্রভাব খাটিয়ে তোলাবাজি, হুমকি, মারধর ও বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল সে। বিশেষ করে বিজেপি সমর্থক এবং বিরোধী মতের মানুষদের টার্গেট করে লাগাতার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। কেউ প্রতিবাদ করলেই চলত ভয় দেখানো, মারধর এমনকি এলাকাছাড়া করার হুমকি। দীর্ঘদিন ধরে আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের।এলাকার মানুষের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এতদিন ধরেই প্রশাসনের চোখ এড়িয়ে চলছিল এই তৃণমূল নেতা। অভিযোগ থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছিল না। কিন্তু রাজ্যে পালাবদল হতেই সক্রিয় হয়েছে পুলিশ। এরপরই একের পর এক অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয় রামচরিত পাশওয়ানকে। ধৃতকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে।



