গ্রেফতার কুখ্যাত বালি মাফিয়া মাখন পাল
আমার কথা, ২ জুলাই
রাকেশ লাহা, জামুরিয়া:
অবৈধ বালি পাচারের বিরুদ্ধে চলা অভিযানের মধ্যেই বুধবার জামুড়িয়া থানার পুলিশ কথিত বালি ব্যবসায়ী মাখন পালকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার তাকে আসানসোল আদালতে পেশ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে জামুড়িয়া জুড়ে অবৈধ বালি ব্যবসার সঙ্গে জড়িত মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই মাখন পালের নাম কথিতভাবে অবৈধ বালি ব্যবসার সঙ্গে জড়িয়ে আসছিল। পুলিশের এই পদক্ষেপকে এলাকায় অবৈধ বালি উত্তোলন ও পাচারের বিরুদ্ধে বড় ধরনের অভিযান হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে জামুড়িয়ায় এক জনসভায় তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মাখন পালের নাম উল্লেখ করে সতর্কবার্তা দিয়েছিলেন এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তার গ্রেফতারের পর সেই বিষয়টি ফের রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
মাখন পালের গ্রেফতারের পর এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে। অবৈধ বালি ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন সকলের নজর।
এদিকে, এই বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানান, “পুরনো একটি মামলায় মাখন পালকে গ্রেফতার করা হয়েছে। বালিভর্তি একটি ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই মামলাতেই এই গ্রেফতারি হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”



