যুগলের ঝুলন্ত দেহ, ভালবাসা পরিণতি না মেলায় কি আত্মহত্যা?
আমার কথা, ১৩ জুন
সার্থক কুমার দে, লাউদোহা:
এক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর ফরিদপুর ব্লকের জামগড়া এলাকায়। ভালবাসার সম্পর্কের পরিণতি না মেলায় কি আত্মঘাতী হলেন ওই যুবক যুবতী? খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, অন্ডালের দক্ষিণখন্ড এলাকায় বসবাস করতো সুকুমার বাগদি নামে ওই যুবক। সুকুমারের মামারবাড়ি জামগড়ায়। এদিকে জামগড়াতেই থাকতো বিউটি বাগদি নামে ওই যুবতী। সেখানেই দুজনের পরিচয় আর তার থেকেই দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে৷
স্থানীয় সুত্রে জানা গিয়েছে দুবরাজপুরে বিউটির বিয়ে স্থির হয়েছিল। আর কয়েকদিন পরেই বিউটির বিয়ের দিন ছিল। কিন্তু এই বিয়েতে রাজি ছিল না বিউটি। এদিকে সুকুমারও বিবাহিত। ফলে সুকুমার বিউটির ভালবাসা কখনোই সম্পূর্ণ হতো না। এই কারনেই সম্ভবত তারা আত্মহননের পথ বেছে নেয়। শনিবার সকালে জামগড়া এলাকাতেই একটি বাগানে গাছে গলায় ফাঁস লাগিয়ে একসাথে আত্মহত্যা করে সুকুমার ও বিউটি।
লাউদোহা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাঁসমুক্ত করে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।



