মিড ডে মিলের রাঁধুনিদের বসিয়ে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, বিক্ষোভ
আমার কথা, সনাতন গরাই, কাঁকসা, ২ জানুয়ারি:
মিড ডে মিলের রাঁধুনিদের বসিয়ে দেওয়ার অভিযোগ। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ। বন্ধ মিড ডে মিল। চরম উত্তেজনা কাঁকসার বিদ বিহারের শিবপুর উচ্চ বিদ্যালয়ে।ওই উচ্চ বিদ্যালয়ে বিদ বিহার গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর ৪০ জন মহিলা মিড ডে মিলে রান্না করেন। তাদের অভিযোগ, প্রধান শিক্ষক জোর করে চার জনকে রাখতে চাইছেন, বাকিদের বের করে দিতে চাইছেন। কেন তাদের বের করে দেওয়া হবে এই প্রশ্ন তুলে শুক্রবার সকাল থেকে ক্ষোভে ফেটে পড়েন। এই বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় মিড ডে মিলের রান্না। তারা হুঁশিয়ারি দেন, যদি তাদের ফের কাজে ফেরানো না হয় তাহলে বিদ্যালয় বন্ধ করে তারা বিক্ষোভ দেখাবেন। প্রয়োজন হলে প্রধান শিক্ষককেও ঢুকতে দেবেন না। এই বিক্ষোভের জেরে এদিন মিড ডে মিলের রান্নাও বন্ধ হয়ে যায়। এসোনা বাগদি নামের বিক্ষোভকারী মহিলা বলেন,”যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা বিক্ষোভ চালাবো। রান্নাও করতে দেব না। বিদ্যালয়ে তালা বন্ধ করে দেবো।” যদিও প্রধান শিক্ষক দেবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন,”চারজনের একাউন্টে টাকা ঢুকছে সেই জন্যই এই সমস্যার সৃষ্টি হচ্ছে। আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি। এদিন মিড ডে মিলের রান্না হয়নি ঠিকই। তবে কেক বিস্কুট দেওয়ার ব্যবস্থা করছি, পড়ুয়াদের।” যদিও বিদ বিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর বলেন,”শুনলাম সমস্যার কথা। আমি প্রধানের সাথে কথা বলব এবং প্রধান শিক্ষকের সাথে কথা বলবো।”
এ বিষয়ে বিজেপি নেতা রমন শর্মা বলেন, ” মহিলা দরদী সরকার মহিলাদেরই কাজ কেড়ে নিচ্ছে। এই সরকার নাকি শ্রমিকদের ৫০০০টাকা করে ভাতা দেবে বলেছিল। ভাতা দেওয়া তো দূর, উল্টে তাদের কাজই কেড়ে নিচ্ছে “।



